‘বিচ্ছিন্নতাবাদী দমনের নামে থাইল্যান্ডে চলছে মুসলিম নিধনযজ্ঞ’
বিচ্ছিন্নতাবাদীদের দমনের নামে থাইল্যান্ডে পাইকারী হারে মুসলমান নিধন চলছে। এ অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
নিউইয়র্কভিত্তিক এ সংগঠনটির এশিয়া অঞ্চলের প্রধান ব্রাড এডামস মঙ্গলবার বলেন, “থাইল্যান্ডের সেনাবাহিনী ও পুলিশ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমানোর কথা বলে মালয় জাতিসত্ত্বার মুসলমানদের হত্যা করে লাশ গুম করছে।”
বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকারীদের মধ্যে ভীতি ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবেই এ কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এ নিয়ে ৬৯ পৃষ্ঠার একটি প্রতিবেদনও উপস্থাপন করে হিউম্যান রাইটস ওয়াচ। তাতে ২২টি অমীমাংসিত হত্যাকাণ্ডের ঘটনার বিস্তারিত আলোচনা শেষে উপসংহারে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরই এজন্য দায়ী করা হয়।
সংগঠনটি জানায়, হয়রানি আর প্রতিশোধমূলক আচরণের শিকার হতে পারেন- এমন আশঙ্কায় অধিকাংশ নির্যাতিত পরিবারই ঘটনাগুলো প্রকাশ করেননি। তাই প্রকাশিত ঘটনার চেয়ে প্রকৃত ঘটনা হবে অনেক বেশি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রার শাসনামলেই এ ধরনের বেশিরভাগ ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে সেনাবাহিনীর মুখপত্র আচ্রা তিপ্রোচ বলেছেন, “এখন আর কোথাও নির্যাতন চলছে না। কারণ, বর্তমান প্রধানমন্ত্রী হানাহানির রাজনীতি সমর্থন করেন না। তার শাসনের মূল নীতি হচ্ছে শান্তি আর সংহতি।”
প্রধানমন্ত্রী সর্যুদ চুলানন্ত সম্প্রতি দক্ষিণাঞ্চলের মুসলমানদের কাছে অতীতে ঘটে যাওয়া নির্যাতনের জন্য ক্ষমা প্রার্থনা এবং শান্তি প্রতিষ্ঠায় আলোচনার আগ্রহ প্রকাশ করেন।
তবে প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও ব্রাসেলসভিত্তিক ইন্টারন্যাশন্যাল ক্রাইসিস গ্র“প (আইসিজি) গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগ করে, ‘নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ এখনও চলছে।
থাইল্যান্ডের মুসলমানপ্রধান দক্ষিণাঞ্চলীয় চারটি প্রদেশে গত তিন বছরের অব্যাহত সংঘাতে দুই হাজারেরও বেশি নিহত হন।
