আফগানিস্তানে আরও হেলিকপ্টার পাঠাবে যুক্তরাজ্য
আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের সহায়তায় আরও হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাজ্য, মঙ্গলবার এ খবর জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেস ব্রাউনে।
“আমার মনে হয় আফগানিস্তানে যৌথবাহিনীর জন্য আরও হেলিকপ্টার দরকার। সেখানে কমান্ডারদের অভিযান পরিচালনার সুবিধার্থে আরও হেলিকপ্টার পাঠানোর কথা ভাবছি আমরা,” আফগানিস্তান নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রতিরক্ষা পরিষদের শুনানিতে ব্রাউনে বলেন।
“আফগানিস্তানে সেনাদেরকে আরও শক্তিশালী করতে আমাদের কী কী করণীয় তা খতিয়ে দেখতে হবে। আমার মনে হয় খুব শীগগিরই এ বিষয়ে আরও কিছু জানাতে পারবো আমি,” বলেন তিনি।
কয়েক মাস ধরেই আফগানিস্তানে আরও হেলিকপ্টারের প্রয়োজনের কথা বলে আসছিল যুক্তরাজ্য। কারণ, আফগানিস্তানের দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনা ও রসদ পরিবহনের ন্যাটো বাহিনীকে বিমানের ওপরই নির্ভর করতে হয়।
এর আগে গত মাসে আফগানিস্তানে চারটি ‘সি কিং’ হেলিকপ্টার পাঠানোর ঘোষণা দিয়েছিল দেশটি। নতুন সেনা মোতায়েনের সঙ্গেই এ হেলিকপ্টারগুলোও আফগানিস্তানে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ আফগানিস্তানে আরও সেনা পাঠিয়ে সেখানকার সেনা সংখ্যা মোট সাত হাজার ৭০০ জনে নিয়ে যেতে চাইছে দেশটি।
