বুশের উপদেষ্টা কার্ল রোভের সাক্ষ্য গ্রহণ নিয়ে কংগ্রেস - হোয়াইট হাউজ দ্বন্দ্ব
আইনজীবী বরখাস্তের ঘটনায় ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা কার্ল রোভকে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখার জর্জ বুশের প্রচেষ্টা নিয়ে হোয়াইট হাউজ ও সিনেটের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে।
বিষয়টি তদন্তে সিনেটের বিচার বিষয়ক কমিটিতে শপথ নিয়ে কার্লের সাক্ষ্য নেওয়ার দাবি তুলেছেন ডেমোক্রেটরা। আর হোয়াইট হাউজের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়েই ডেমোক্রেটরা এ ধরনের আচরণ করছেন।
প্রেসিডেন্ট বুশ কার্ল রোভের শপথ নিয়ে সাক্ষ্য গ্রহণের ঘোর বিরোধী। তিনি হুমকি দিয়েছেন, এটা ঠেকাতে আদালতেও যাবেন তিনি।
মঙ্গলবার তিনি বলেন, “বিষয়টি নিয়ে শুনানি একটা লোক দেখানো ব্যাপার মাত্র। আশা করব, ডেমোক্রেটরা এমন করবেন না।”
একইসঙ্গে বিতর্কিত অ্যাটর্নি জেনারেল আলবার্তো গঞ্জালেসের ওপর নিজের আস্থার কথাও প্রকাশ করেন প্রেসিডেন্ট বুশ। সরকারি আট আইনজীবী বরখাস্তের ঘটনায় ডেমোক্রেটদের পাশাপাশি কয়েকজন রিপালিকানও গঞ্জালেসকে বরখাস্ত করার দাবি তুলেছেন।
সম্প্রতি প্রকাশিত নথিপত্রে দেখা গেছে, আইনজীবী বরখাস্তের ঘটনায় প্রশাসনের প্রতি আনুগত্য এবং লক্ষ্য পূরণে তাদের প্রয়োজনীয়তার মতো বিষয় বিবেচিত হয়েছে। এ থেকে অনুমান করা হচ্ছে, ওই বরখাস্তের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
হোয়াইট হাউসের আইনজীবী ফ্রেড ফিল্ডিং মঙ্গলবার জানিয়েছেন, সিনেটের তদন্ত কমিটির সঙ্গে কার্ল রোভসহ হোয়াইট হাউজের সাবেক আইনজীবী হ্যারিয়েট মায়ার্স, উইলিয়াম কেলি ও সাবেক উপদেষ্টা স্কট জেনিংস কথা বলবেন। তবে ডেমোক্রেটদের দাবি অনুযায়ী শপথ নেওয়ার পর তাদের সাক্ষ্য গ্রহণের বিষয়টি নাকচ করেছেন তিনি।
ডেমোক্রেটরা তার এ বক্তব্যকে যথেষ্ট নয় বলে উল্লেখ করে জানিয়েছে, আনুষ্ঠানিক প্রস্তাব পেলে তারা বিষয়টি বিবেচনায় রাখতে পারে।
সিনেটের বিচার বিষয়ক কমিটির প্রধান প্যাট্রিক লেহিও ফ্রেড ফিল্ডিংয়ের প্রস্তাব নাকচ করেছেন। তার সঙ্গে আলোচনা শেষে লেহি বলেন, “আমি তার প্রস্তাব গ্রহণ করিনি। এটা গঠনমূলক কোনো প্রস্তাব নয়। আমরা কীভাবে তদন্ত করব, সে বিষয়ে কোনো পরামর্শ দেওয়া কোনোভাইে তদন্তের জন্য সহায়ক নয়।”
সিনেটে ডেমোক্রেট নেতা হ্যারি রিডও হোয়াইট হাউজের প্রস্তাবের নিন্দা জানান। তিনি বলেন, “কংগ্রেস ও মার্কিন জনগণ সরাসরি জবাব প্রত্যাশা করে। যদি কার্ল রোভ সত্য বলতে চান, তবে যেকোনো সাক্ষীর মতো শপথ নিয়ে সাক্ষ্য দিতে তার ভয় কীসের?”
নিউইয়র্কের সিনেটর চার্লস শুমার বলেন, “যদি তাদের সঙ্গে আমাদের শুধু কথা বলার সুযোগ করে দেওয়া হয়, তাহলে আসলে কী ঘটেছিল তা জানার সুযোগ পাওয়া যাবে না।”
এটাকে একটি চাতুর্যপূর্ণ প্রস্তাব বলেও অভিহিত করেন তিনি।
ক্যালিফোর্নিয়ার সিনেটর লিন্ডা সানচেজ বলেছেন, “আমরা এ প্রস্তাব বিবেচনা করে দেখছি। তবে আদালতের সমনের মাধ্যমে সাক্ষ্য আদায়সহ অন্যান্য সুযোগগুলোকেও বিবেচনার বাইরে রাখছি না।”
কার্ল রোভসহ বর্তমান ও অতীত প্রশাসনের চারজনের বিরুদ্ধে আদালতের সমন জারি করা হবে কিনা, তা নিয়ে সানচেজের নেতৃত্বে গঠিত বিচার বিষয়ক উপ কমিটিতে বুধবার ভোটাভুটির কথা রয়েছে।
