“গরিব দেশগুলোতে প্রতিষেধক সহজলভ্য করায় হু’র তৎপরতা যথেষ্ট নয়”
দরিদ্র দেশগুলোতে বার্ড ফ্লুর মতো রোগের প্রতিষেধক সহজলভ্য করার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার(হু) তৎপরতা যথেষ্ট নয়। এ কথা বলেছেন ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সিতি ফাদিলাহ সুপারি।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, গরিব দেশগুলো প্রয়োজনমাফিক প্রতিষেধক না পাওয়ায় বিশ্ব শান্তি হুমকির মুখে পড়তে পারে।
সিতি ফাদিলাহ বুধবার জাকার্তায় সাংবাদিকদের বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত ভাইরাস বিনিময় পরিকল্পনা গরিব দেশগুলোর প্রতিষেধক প্রাপ্তি নিশ্চিত করে না।”
এ ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে প্রয়োজনীয় কারিগরী সহায়তা দেওয়ার জন্য উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি।
ইন্দোনেশীয় মন্ত্রী বলেন, “যদি এ আইন বদল করা না হয়, তবে ধনী ও গরিব দেশগুলোর মধ্যে বিশাল বৈষম্যের সৃষ্টি হবে এবং তারা আরও দরিদ্র ও অসহায় হয়ে পড়বে। এর ফলে বিশ্ব শান্তি হুমকির সম্মুখীন হবে।”
বার্ড ফ্লুতে বিপর্যস্ত দেশের অন্যতম ইন্দোনেশিয়া। এ পর্যন্ত দেশটিতে এইচ৫এন১ ভাইরাস সংক্রমণে ৬৬ জন মারা গেছে।
বার্ড ফ্লু ভাইরাসের নমুনা ভাগাভাগি নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে ইন্দোনেশিয়া। বার্ড ফ্লু ভাইরাসের নমুনা ভাগাভাগি করার প্রস্তাব নাকচ করায় বেশ কিছু স্বাস্থ্য ও সাহায্য সংস্থা ইন্দোনেশিয়ার সমালোচনা করলেও অনেকেই দেশটির এ অবস্থানকে সমর্থন করছেন। সমর্থনকারীরা বলছেন, পেটেন্ট আইন আর উচ্চমূল্যের কারণে উন্নয়নশীল দেশগুলোর কাছে প্রায়ই বিভিন্ন জীবনদায়ী ওষুধ সহজলভ্য নয় ।
সুপারি প্রশ্ন করেছেন, “যেহেতু অজ্ঞতা আর দারিদ্র্যের জন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতা নেই বলে উন্নয়নশীল দেশগুলো কি সবসময়ই ত্যাগ স্বীকার করবে ?”
বার্ড ফ্লু ভাইরাসের প্রতিষেধক তৈরি ও সহজলভ্য করার কার্যকর পন্থা নির্ধারণে হু এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীরা জাকার্তায় ২৬-২৭ মার্চ বৈঠকে বসছেন।
