২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাওবাদী - মাধেসি সংঘর্ষের পর নেপালের গৌর শহরে সান্ধ্য আইন জারি

মাওবাদী ও মাধেসিদের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবার নেপালের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গৌর শহরে সান্ধ্য আইন জারি করা হয়েছে। শত শত দাঙ্গা পুলিশ এখন সেখানে টহল দিচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 12:59 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

রাজধানী কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার দক্ষিণের ওই শহরে বুধবার মাওবাদীদের সঙ্গে মাধেসি জনগোষ্ঠীর সংঘর্ষে ২৬ জন নিহত হন। একই স্থানে সমাবেশ ডাকা নিয়ে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষ বন্দুক ও লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়।

শহরের পুলিশ কর্মকর্তা কুবের কারাত বৃহস্পতিবার রয়টার্সকে বলেনস, “স্থানীয় লোকজন এখনও আতঙ্কের মধ্যে রয়েছে। তাই আর কোনো সহিংস ঘটনা যাতে ঘটতে না পারে, সে জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে।”

সংঘর্ষের জন্য মাধেসি জনঅধিকার ফোরাম দায়ী করেছে মাওবাদীদের। আর মাওবাদীরা বলছে, চলমান শান্তি প্রক্রিয়া ব্যাহত করে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

এ প্রসঙ্গে মানবাধিকার কর্মী বিপিন গৌতম রয়টার্সকে বলেন, “বুধবারের সংঘর্ষ মোটামুটি যুদ্ধের রূপই নেয়। কেউ কারো চেয়ে কম যায়নি। দুই পক্ষই পরস্পরের ওপর হামলে পড়েছিল।”