২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন মালয়েশীয় প্রধানমন্ত্রী

সরকারের কাছে জমা পড়া ৮৫ ভাগ দুর্নীতির অভিযোগকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল¬াহ আহমদ বাদাবি। দুর্নীতি দমন অভিযান নিয়ে চাপের মুখে পড়া বাদাবি সোমবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 06:28 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বাদাবি বলেন, “রেকর্ডপত্র অনুসারে ৮৫ ভাগ অভিযোগই ভিত্তিহীন।”

“প্রমাণ ছাড়া শুধুমাত্র অনুমানের ভিত্তিতে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না। বিষয়টি অত্যন্ত নাজুক। এসব ক্ষেত্রে আমরা সবসময়ই সতর্কতা অবলম্বন করি।

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীর নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাদাবি। এ সময় তার সঙ্গে দুর্নীতি দমন সংস্থার প্রধান উপস্থিত ছিলেন।

তিন বছর আগে দুর্নীতি দমন অভিযান শুরু করলেও এখন পর্যন্ত তেমন কোনো সাফল্য পায়নি দেশটির সরকার। উপরন্তু অভিযোগ উঠেছে খোদ দুর্নীতি দমন বিভাগের প্রধানসহ পুলিশ  বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রীর বিরুদ্ধেও।

গত সপ্তাহে দুর্নীতি দমন সংস্থা প্রধান জুলকিপলি মাত নুরের সম্পদের উৎস নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। একইসঙ্গে উপমন্ত্রী মোহামাদ জোহারি বাহারুমের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে জেল থেকে বন্দি মুক্তির অভিযোগ উঠে। কিন্তু বিষয়টি প্রকাশ্যে অস্বীকার করেন তিনি।

এ অভিযোগের পর বাদাবি তাদের দুজনকে পদত্যাগের আহ্বান জানান। কিন্তু উভয়েই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজ নিজ পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

মালয়েশিয়ার বিরোধী দলও অভিযুক্ত মন্ত্রী ও দুর্নীতি দমন সংস্থা প্রধানের অপসারণ চেয়েছে। বিরোধীদলীয় নেতা লিম কিত সিয়াং বলেছেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দুজনেরই সরে দাড়ানো উচিৎ।”