ভারতীয় আইনপ্রণেতা হত্যায় উত্তাল ঝাড়খণ্ড
সন্দেহভাজন মাওবাদী জঙ্গিদের হাতে এক ভারতীয় আইনপ্রণেতা নিহত হওয়ার প্রতিবাদে সোমবার ডাকা অর্ধদিবস হরতালে অচল হয়ে যায় ঝাড়খণ্ড রাজ্য।
পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের আইনপ্রণেতা সুনীল কুমার মাহাতোকে রোববার গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীরা মাহাতোর দুই দেহরক্ষী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এক কর্মীকেও হত্যা করে।
মাহাতোর হত্যাকাণ্ডের প্রতিবাদে তার সমর্থকরা রাস্তা বন্ধ করে দেয়, অনেকগুলো গাড়ি ভাঙচুর করে এবং বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলে। অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল ও পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল ১২ ঘণ্টার হরতালে। রাজ্যের রাজধানী রাঁচীর ৫৫ মাইল উত্তরপূর্বে অবস্থিত গিরিদিহ রেলস্টেশনে চারটি ট্রেন আটকে দেয় হরতাল সমর্থকরা।
রাজ্যের উপপ্রধানমন্ত্রী সুধীর মাহাতো বলেছেন, হত্যাকারীকে ধরার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
“অনুমিত হত্যাকারীরা মাওবাদী বিপ্লবী, তারা হত্যার পরপরই মাওবাদের সমর্থনে স্লোগান দেয়, তাদের খুঁজে বের করার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি আমরা,” মাহাতো বলেন। তিনি আরও বলেন, অনেকদিন ধরেই সুনীল কুমার মাহাতোকে হত্যার হুমকি দিচ্ছিল মাওবাদীরা।
১৯৬০এর দশকে যে ১৩টি রাজ্যে মাওবাদী বিপ্লব শুরু হয়েছিলো তার একটি হলো ঝাড়খণ্ড। প্রায় ৪০ বছর ধরে চলমান এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।
বিপ্লবীরা বলছে, তারা গরীব কৃষক ও ভূমিহীন শ্রমিকদের অধিকারের জন্য লড়ছে। তাদের আক্রমণের লক্ষ্যবস্তু সরকারি কর্মকর্তা - কর্মচারী, আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী, রাজনৈতিক ব্যক্তিত্ব আর রাজ্যের সম্পদ।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করছেন, মাওবাদী জঙ্গিরা কৌশল বদলে এখন উচ্চপর্যায়ের নেতাদের হত্যার চেষ্টা করবে। সন্ত্রাসবিরোধী সংস্থাগুলোর ধারণাও তাই। এ প্রসঙ্গে প্রতিবেশী রাজ্য ছত্তিশগড়ের সন্ত্রাসবিরোধী সংস্থা ও জাঙ্গল ওয়ারফেয়ার কলেজর বি কে পানওয়ার বলেন, “মাওবাদীরা তাদের আক্রমণের কৌশল বদলে এখন নিয়মিতই উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা প্রচেষ্টা চালাবে।”
