২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন গুপ্তচর সন্দেহে পাকিস্তানে একজনকে হত্যা

যুক্তরাষ্ট্রের চর সন্দেহে পাকিস্তানে একজনকে গুলি করে হত্যা করেছে তালেবান সমর্থক সন্দেহভাজন জঙ্গিরা, একজন কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী সোমবার জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 03:00 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

এক সপ্তাহের কম সময়ের মধ্যে আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে যুক্তরাষ্ট্রের চর সন্দেহে দুই জনকে হত্যা করেছে তালিবান সমর্থক সন্দেহভাজন জঙ্গিরা।

সোমবর কাইয়ুম শামিরি নামের ৩৫ বছর বয়স্ক এই নিহতের লাশ খুঁজে পাওয়া যায়। জঙ্গিরা তাকে হত্যা করে লাশ ফেলে রাখে উত্তর ওয়াজিরিস্তানের প্রধান নগর মিরানশাহর রাস্তার পাশে।

“কপালে গুলি করে তাকে হত্যা করার পর তার মৃতদেহ খোলা জায়গায় ফেলে রেখে চলে যায় জঙ্গিরা,” সেখানে কর্মরত এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

হত্যাকারীরা তার শরীরে একটি চিরকুট গেঁথে যায় যেখানে লেখা ছিল, “যুক্তরাষ্ট্রের সব চরের পরিণতি এমনই হবে,” জানিয়েছেন ওই কর্মকর্তা।

এর আগে গত সপ্তাহে একই সন্দেহে একজন আফগান ইমামের শিরচ্ছেদ করে জঙ্গিরা। তার অপরাধ ছিল, তিনি তার খুৎবায় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন।

পাকিস্তান সরকারকে সমর্থন করার অপরাধে কিংবা যুক্তরাষ্ট্রের চর সন্দেহে আফগান সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে প্রচুর লোককে হত্যা করেছে তালেবান সমর্থক জঙ্গিরা।

২০০১ সালে মৌলবাদী তালেবান সরকারের পতন ঘটলে প্রচুর তালেবান জঙ্গী ও বিদেশী আল কায়েদা সদস্য আধাস্বায়ত্ত্বশাসিত এই সীমান্ত অঞ্চল দিয়ে পাকিস্তানে প্রবেশ করে বলে অভিযোগ রয়েছে। তাদের মিত্র দেশগুলোর সন্তুষ্টি লাভের প্রক্রিয়ায় এসব বিদেশী জঙ্গিদের বের করে দেওয়ার জন্য চালানো পাকিস্তানি সেনা অভিযানে শত শত লোক নিহত হয়।

অবশেষে পাকিস্তান সরকার এই লড়াই ও আফগানিস্তানে জঙ্গি অনুপ্রবেশ বন্ধে একটা শান্তি চুক্তি স্বাক্ষর করে। তবে এর সমালোচনা করে বিশেষজ্ঞরা বলেছেন, এই চুক্তির ফলে সীমান্ত অঞ্চল জঙ্গিদের করায়ত্ব হয়েছে এবং তারা এই অঞ্চলের তালেবানীকরণ করছে।

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ এই চুক্তির সপক্ষে  বলেন, এর ফলে পাকিস্তান ও আফগানিস্তানের ভেতরে সন্ত্রাস কমেছে। তিনি এই তালেবানীকরণের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।