২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়ানার মৃত্যুরহস্য তদন্তে সাক্ষীদের ব্যাপারে সিদ্ধান্ত হবে সোমবার

যুবরাজ্ঞী ডায়ানা ও তার প্রেমিক দোদি আল ফায়েদের মৃত্যুরহস্য তদন্তের কাজে সাক্ষ্য গ্রহণের জন্য কাদেরকে ডাকা হবে সে ব্যাপারে সোমবার সিদ্ধান্ত নেবেন তদন্তের কাজে নিয়োজিত বিচারক।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2007, 02:26 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সাক্ষ্য দেওয়ার জন্য ব্রিটেনের রাজপরিবারকে ডাকার সম্ভাবনাও রয়েছে। সোমবার তদন্তপূর্ব শুনানিতে বিচারক এলিজাবেথ বাটলার - স্লস কোথায় সাক্ষ্য গ্রহণ করা হবে এবং কাদেরকে ডাকা হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

এদিকে দোদির বাবা মোহাম্মদ আল ফায়েদ চান ডায়ানার সাবেক স্বামী যুবরাজ চার্লস এবং তার সাবেক শ্বশুর এডিনবার্গের ডিউককে যেন সাক্ষ্য দিতে ডাকা হয়।

তবে রাজপরিবারের আইনজীবীরা চেষ্টা করছেন চার্লস এবং তার বাবাকে যেন সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা না হয় সে ব্যবস্থা করতে।

দশ বছর আগে প্রিন্সেস ডায়ানা (৩৬) ও দোদি আল ফায়েদ (৪২) এবং তাদের গাড়ি চালক হেনরি পল প্যারিসের একটি সুরঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত হন। এ দুর্ঘটনার তদন্ত শেষে জানানো হয়, ডায়ানাকে বহনকারী গাড়ীর চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং দ্রুত গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে। তবে ব্রিটেন ও ফ্রান্সের করা এ তদন্তের ফলাফল ঠিক নয় বলে দাবি করেন ফায়েদ।

ফায়েদ সবসময়ই বলে আসছিলেন, ডায়ানা ও দোদিকে হত্যা করা হয়েছে এবং এর জন্য তদন্তের আবেদন জানান তিনি। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার তার পক্ষে রায় দিয়েছে ব্রিটিশ আদালত। ফায়েদের দাবি মেনে নিয়ে একটি জুরি গঠন করে তদন্তের শুনানি অনুষ্ঠানের কথা বলা হয়েছে ওই রায়ে।

গত সপ্তাহে আদালতের দেওয়া এ আদেশের পর ফায়েদ এক বিবৃতিতে বলেন, “জুরিদের সবগুলো তথ্যপ্রমাণের শুনানী করতে দিতে হবে। তবে আমি আশঙ্কা করছি হয়ত এমনটি হতে নাও দেওয়া হতে পারে। যদি তাই হয় তাহলে এটি হবে আমার জন্য নতুন একটি লড়াই।”

এদিকে আপিল আদালতের বিচারক জেনেট স্মিথ বলেন, “ফায়েদের দাবি এডিনবার্গের ডিউক এবং নিরাপত্তা কর্মীরা যৌথভাবে এ হত্যার পরিকল্পনা করেছিল। এ অভিযোগ অবশ্যই তদন্ত করে দেখতে হবে।”

প্রসঙ্গত ব্রিটিশ আইন অনুসারে যেকোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একটি পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণ করার বিধান রয়েছে।