২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে জাতিগত সংঘাত রুখতে আহমাদিনেজাদ এবং সৌদি বাদশাহর দৃঢ় অঙ্গীকার

ইরাকে জাতিগত সংঘাত ও সহিংসতা রুখতে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সৌদি বাদশাহ আবদুল্লাহ ও ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরাকের শিয়া-সুন্নি দ্বন্দ্ব যেন গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 01:30 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

দুদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সৌদি আরব পৌঁছান মাহমুদ আহমাদিনেজাদ। দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সৌদি সফর। ওই দিনই বাদশাহ আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন আহমাদিনেজাদ।

বৈঠক শেষে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সউদ আল ফয়সল সাংবাদিকদের বলেন, “মধ্যপ্রাচ্যে দাঙ্গা ও সংঘাতের বিস্তার রোধে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে সম্মত হয়েছে ইরান ও সৌদি আরব।”

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, দুই নেতাই একমত হয়েছেন, ইরাকের শিয়া -- সুন্নি সংঘাত মুসলিম বিশ্বকে উদ্বেগজনক পরিস্থিতির দিকে ঠেলে  দিচ্ছে। যে কোনো মুহূর্তে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে।

সংঘাত রোধে ইরাক সরকার ও সেদেশের জনগণের ঐক্য ও অধিকারের প্রতি নিজেদের সমর্থন এবং সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন আহমাদিনেজাদ ও বাদশাহ আবদুুল্লাহ।

এছাড়া, লেবানন সংকট উত্তরণে সৌদি আরবকে সহায়তার আশ্বাসও দিয়েছেন আহমাদিনেজাদ।

তবে ইরানের পরমাণু ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে বার্তা সংস্থাটির খবরে কিছুই বলা হয়নি। এসপিএ জানায়, আলোচনা শেষেই আহমাদিনেজাদ রিয়াদ ত্যাগ করেন।

লেবাননে সরকার ও বিরোধী হিজবুল্ল¬াহর আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে এর আগেও বেশ কয়েকবার বৈঠকে বসে সৌদি আরব ও ইরানি কর্মকর্তারা। সেসব আলোচনায় ইরাক, লেবানন ও ফিলিস্তিনে ইরানের প্রভাব নিয়েও আলোচনা হয়ে। এসব দেশে শিয়া-সুন্নি দ্বন্দ্ব উসকে দিচ্ছে ইরান-  যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব বহুদিন ধরে এ অভিযোগ  করে আসছে।

রিয়াদ চায় লেবাননে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে হিজবুল্লাহ গেরিলাদের ওপর চাপ সৃষ্টি করুক ইরান ও সিরিয়া।

এদিকে, এ মাসের শেষে সৌদি আরবে অনুষ্ঠিতব্য আরব লীগের সম্মেলনে এই ইস্যুগুলোতে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে ইরান।