২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীর থেকে ইহুদি বসতি সরাবে ইসরায়েল

পশ্চিম তীর থেকে কয়েক ডজন ইহুদি বসতি সরিয়ে নিতে পারে ইসরায়েল। দেশটির উপ প্রধানমন্ত্রী শিমন পেরেজ শনিবার এ তথা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 01:03 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

চ্যানেল টু টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে পেরেজ বলেন,“সবগুলো না হলেও কয়েকটি ইহুদি বসতি সরিয়ে নেওয়া হবে। তবে কয়টি সরানো হবে সে ব্যাপারে এখনও আমি নিশ্চিত নই।”

তিনি ইঙ্গিত করেন, পশ্চিম তীরের ১২১টি বসতির মধ্যে ডজনখানেকের মতো সরিয়ে নেওয়া হতে পারে।

ফিলিস্তিনের সরকার যদি বসতি সরিয়ে নেওয়ার ব্যাপারে ইসরায়েলের সঙ্গে আলোচনা করতে চায় তাহলে কি করা হবে- এ প্রশ্নে পেরেজ বলেন, “হামাস সরকার যদি ইসরায়েলকে স্বীকৃতি দিতে সম্মত হয়, তাহলে আমরা আলোচনায় বসতে রাজি আছি।”

২০০৫ সালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলিরা সরে গেলেও গতবছরের লেবানন যুদ্ধের পরই পশ্চিম তীর থেকে ইহুদি বসতি প্রত্যাহারের পরিকল্পনা করা হয়। তবে বেশ কিছু ইসরায়েলি এক্ষেত্রে বিরোধিতা করেছে।

পশ্চিম তীরে প্রায় ২ লাখ ৬৪ হাজার ৩৮০ ইসরায়েলি এবং ২৫ লাখ ফিলিস্তিনির বাস।