নিজ ভূমিতে মার্কিন ঘাঁটি হতে দেবে না আলজেরিয়া
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা বেশ ‘লাভজনক’- তাতে সহায়তা দিতেও আপত্তি নেই আলজেরিয়ার, কিন্তু দেশের মাটিতে মার্কিন ঘাঁটি মেনে নেবে না তারা।
একথা জানিয়েছেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বেজাউই। শনিবার আলজেরিয়া রেডিওকে তিনি বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুদ্ধে সহায়তার নিশ্চয়তা দিচ্ছি আমরা। নিরাপত্তার বিচারে এতে শুধু আমরা নই, অন্যান্য দেশও উপকৃত হবে।”
কিন্তু নিজ দেশে মার্কিন সেনাদের ডেকে আনার ব্যাপারে আলজেরিয়া রাজি নয় বলে জানান বেজাউই। তিনি বলেন, “আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, আলজেরিয়ার মাটিতে বিদেশি ঘাঁটি স্থাপন আমরা মেনে নেব না।”
বর্তমানে সাহারা অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ওই অঞ্চলের বিভিন্ন দেশের সেনাদের যৌথ মহড়া চলছে। আফ্রিকার ওই অঞ্চলে মার্কিন বাহিনীর নতুন একটি কমান্ড গঠনেও অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট বুশ। যুক্তরাষ্ট্র আলজেরিয়ার সঙ্গেও সামরিক সম্পর্ক জোরদার করতে চায়। এ নিয়ে আলজেরিয়ার প্রচার মাধ্যমে খবর ছাপা হয় যে যুক্তরাষ্ট্র আলজেরিয়ায় সামরিক ঘাঁটি স্থাপনে আগ্রহী।
তার পরিপ্রেক্ষিতেই নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন আলজেরীয় পররাষ্ট্রমন্ত্রী।
