২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু রোধে বন্য পাখি কেনাবেচা বন্ধের আহ্বান

বার্ড ফ্লু প্রতিরোধে বন্য পাখি কেনাবেচা বন্ধ করতে বিভিন্ন রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ভাইরাস বিশেষজ্ঞরা। ফেব্র“য়ারির শেষ ভাগে হংকঙের ঘনবসতিপূর্ণ শাম সুই পো অঞ্চলে একটি মৃত মুনিয়ার দেহে এইচ৫এন১ ভাইরাস ধরা পড়ার পরপরই এ আহ্বান জানানো হল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 06:45 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

হংকঙে এ বছর এখন পর্যন্ত ১৩টি পাখির দেহে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

মেম্ফিসের সেন্ট জুডস শিশুরোগ গবেষণা হাসপাতালের ভাইরাস বিশেষজ্ঞ রবার্ট ওয়েবস্টার বলেন, “মুনিয়া যাযাবর পাখি নয়। কিন্তু এসব পাখিদের কেনাবেচার মধ্য দিয়ে দ্রুতই ভাইরাস সংক্রমণ ঘটতে পারে।”

বিশ্বের বিভিন্ন অঞ্চলেই বন্য পাখি ছেড়ে দেওয়ার ধর্মীয় প্রথা রয়েছে, তাই পাখি কেনাবেচা চলে বিশ্বজুড়েই। বৌদ্ধ ও তাও ধর্মপ্রধান হংকঙে এটা আরও বেশি প্রচলিত। চীন থেকেই হংকঙের বেশিরভাগ পাখি আমদানি হয়।

“নুহের জাহাজ থেকে পাখি উড়িয়ে দেওয়ার প্রতীকী প্রথা প্রায় সব ধর্মেই বিদ্যমান। তবে এ জন্য আমরা পাখিদের দোষারোপ করতে পারি না, দায়টা বর্তায় মানুষের ওপরই,” শুক্রবার রয়টার্সকে বলেন ওয়েবস্টার।

তিনি জানান, গত কয়েক বছর শীতকালে বারবার এই ভাইরাসের প্রত্যাবর্তন নিশ্চিত করে যে এশিয়ায় এর ঘাঁটি রয়েছে।

ওয়েবস্টার বলেন, “সম্ভবত ছোটো হাঁসের দেহে সারা বছরই এই ভাইরাস থাকে, তবে লক্ষণ প্রকাশিত হয় না। তাদের থেকে গৃহপালিত মুরগির দেহ হয়ে ছড়িয়ে পড়ে বন্য পাখিদের দেহে। আর এই বন্য পাখিগুলো বিভিন্ন অঞ্চলে ভাইরাস  বয়ে নিয়ে যায়।”

কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে জরুরিভিত্তিতে বন্য পাখিদের ওপর সার্বক্ষণিক নজরদারি এবং প্রয়োজনে এদের বিনাশ করার ওপর গুরুত্বারোপ করেন ওয়েবস্টার।

তার মতে, এটা ব্যয়বহুল হলেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের সরকার যদি যৌথ উদ্যোগ নেয় তবে এই সমস্যার সমাধান করা যাবে।

রয়াল লন্ডন হাসপাতালের ভাইরাসতত্ত্ব বিভাগের অধ্যাপক জন অক্সফোর্ড রয়টার্সকে বলেছেন, “এশিয়ায় এই ভাইরাসের পুনরাবির্ভাব বেশ উদ্বেগের বিষয়। এর প্রতিরোধে জরুরিভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।”

তার মতে, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের গৃহীত পরিকল্পনা যথেষ্ট নয়। এটা ওই অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ সমস্যা নয় বলে মনে করেন তিনি। এক্ষেত্রে চীনের আচরণে অসন্তোষ প্রকাশ করেন অক্সফোর্ড।

সাম্প্রতিক সময়ে পাখিদের মধ্যে ভাইরাসের পুনরাবির্ভাব দেখা দেয় ভিয়েতনাম, মিয়ানমার, জাপান, দক্ষিণ কোরিয়া, আফগানিস্তান, ব্রিটেন ও পাকিস্তানে। এই ভাইরাসের সংক্রমণে ইন্দোনেশিয়ায় বেশ কয়েকজন মানুষও মারা যান। চীনের এক কৃষক ও লাওসের ১৫ বছরের এক কিশোরী এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছে।

যদিও এইচ৫এন১ ভাইরাস মূলত পাখিদের সংক্রমিত করে, তবুও ভাইরাসটি রূপ বদল করে মানুষের ভেতর ছড়িয়ে পড়ার প্রক্রিয়া আয়ত্ত করতে পারলে মহামারী সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। ইতোমধ্যেই এর সংক্রমণে মারা গেছে ১৬৭ জন মানুষ।