২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক তহবিল কেলেঙ্কারি নিয়ে বিবিসির সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা

পুলিশি নিষেধাজ্ঞার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের রাজনৈতিক তহবিল কেলেঙ্কারি সংক্রান্ত একটি প্রতিবেদনের প্রকাশ বন্ধ রেখেছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)। শুক্রবার সংবাদ মাধ্যমটির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে ব্রিটিশ পুলিশ শনিবার জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 06:05 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

পুলিশ জানায়, ওই ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে থাকা বিভিন্ন তথ্য তাদের তদন্তে বিঘœ ঘটাতে পারে আশঙ্কায় প্রথমে ওই বিষয়ক সংবাদ প্রকাশ বন্ধ রাখার অনুরোধ জানানো হয় সংবাদমাধ্যমটিকে। পরে শুক্রবার সুনির্দিষ্টভাবে ওই সংবাদ প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ব্রিটেনের অ্যাটর্নি জেনারেল লর্ড পিটার গোল্ডস্মিথ পুলিশের অনুরোধের পর ওই নিষেধাজ্ঞা জারি করেন। অ্যাটর্নি জেনারেলের অফিস ও পুলিশের এক যৌথ বিবৃতিতে বলা হয়, সরকারের প্রভাব নিরপেক্ষ থেকে সম্পূর্ণ নিজস্ব বিবেচনায় জনস্বার্থে প্রয়োগের জন্য তার বিশেষ ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন গোল্ডস্মিথ।”

এদিকে বিবিসি বলেছে, জনস্বার্থের কথা বিবেচনা করেই রাজনৈতিক দলের তহবিল সংগ্রহ সংক্রান্ত ওই প্রতিবেদনটি প্রকাশ করেছেন তারা।

গত মার্চে প্রধানমন্ত্রী ব্লেয়ারের শ্রমিক দলসহ অন্য রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগে বলা হয়, দলের জন্য তহবিল নেওয়ার বিনিময়ে পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অফ লর্ডসে বিভিন্ন ব্যক্তিকে মননোয়ন দিচ্ছে রাজনৈতিক দলগুলো।

এ সংক্রান্ত অভিযোগে প্রধানমন্ত্রী ব্লেয়ারের প্রধান তহবিল সংগ্রহকারী এবং মধ্যপ্রাচ্যে তার বিশেষ দূত লর্ড লেভিকে জানুয়ারি মাসে আটক করে পুলিশ। 

এরপর এ বিষয়ে খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্লেয়ারকেই এ পর্যন্ত দুই দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।