২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিনের সফরে সৌদি আরবে আহমাদিনেজাদ

দুদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সৌদি আরব পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সৌদি আরব সফর।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 07:49 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সফরকালে বাদশাহ আবদুল্লাহসহ সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইরানি প্রেসিডেন্ট। ইরানের পরমাণু ইস্যু ও মধ্যপ্রাচ্য পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক ও মুসলিম বিশ্বের বিভিন্ন বিষয় এসব আলোচনায় স্থান পাবে বলে তেহরান রেডিওর খবরে বলা হয়।

তেহরান ছাড়ার আগ মুহূর্তে আহমাদিনেজাদ বলেন, “মুসলিম বিশ্ব ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে এক যোগে কাজ করার ব্যাপারে সৌদি বাদশার সঙ্গে আলোচনা করবেন আমি।” ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা তাকে উদ্ধৃত করে এ খবর জানায়।

আহমাদিনেজাদের সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মনুশেহর মোত্তাকি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, আহমাদিনেজাদ রোববার পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবেন।

পরমাণু কর্মসূচি নিয়ে ইরান এখন বেশ চাপে রয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পরমাণু বোমা তৈরি করতে যাচ্ছে। একই সন্দেহ সৌদি আরবেরও। যদিও ইরান দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনেই তা ব্যবহার হচ্ছে।

সৌদি আরব আরও অভিযোগ করছে, ইরাকি সুন্নিদের হত্যায় শিয়াদের মদদ দিচ্ছে ইরান। পাশাপাশি লেবাননে হিজবুল্লাহদের ইরানের সমর্থন দেওয়া নিয়েও উদ্বিগ্ন রিয়াদ।

লেবাননে সরকার ও বিরোধী হিজবুল্লাহর আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে এর আগে বেশ কয়েকবার বৈঠকেও বসেন সৌদি আরব ও ইরানি কর্মকর্তারা।

পরমাণু কর্মসূচি নিয়ে চাপের মধ্যে ইরানের প্রেসিডেন্টের সৌদি আরব সফরকে বেশ গুরুত্ব দিয়েই দেখছেন বিশ্লেষকরা। সৌদি গবেষক জোহায়ের আল হারতি বলেন, “মধ্যপ্রাচ্য সঙ্কট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অভিপ্রায় রয়েছে ইরানের। পরমাণু কর্মসূচি নিয়ে চাপ থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে লেবানন, ফিলিস্তিন ও ইরাক ইস্যুতে ভূমিকা পালন দেশটির জন্য ইতিবাচকই হবে।”