নিরাপত্তা নিয়ে উত্তর কোরিয়ার শঙ্কা দূর করা জরুরি: সউল
উত্তর কোরিয়াকে বিশ্বাস করা না করা নিয়ে সংশয়ে না থেকে নিরাপত্তা নিয়ে পিয়ংইয়ঙের শঙ্কা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সং মিন সুন।
যুক্তরাষ্ট্র সফররত সং মিন সুন শুক্রবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “উত্তর কোরিয়ার পরমাণু সঙ্কটের অবসানে পিয়ংইয়ঙের ওপর আস্থা রাখতে হবে। তাদের বোঝাতে হবে, বিষয়টি তাদের স্বার্থেই এবং পরমাণু অস্ত্র ছাড়াই তারা পৃথিবীতে নিরাপদ। তাদের সন্দেহ করে সমস্যার সমাধান হবে না।”
দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর মতে, নিরাপত্তা নিয়ে উত্তর কোরিয়ার শঙ্কা দূর করাই সমস্যা সমাধানের মূল চাবিকাঠি। আর তাই এটা আগে দূর করতে হবে।
সং মিন সুন জানান, কৌশলগত কারণেই উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ন করতে চায় সউল। আর সউল - পিয়ংইয়ং আলোচনার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার পরমাণু সঙ্কট অবসানের গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলেও ভাবছেন তিনি।
২০০৬ সালের অক্টোবরে পরমাণু পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তখন তারা জানায়, দেশের অস্তিত্বের প্রয়োজনেই তাদের পরমাণু বোমা দরকার। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ তাদের ওপর অবরোধ আরোপ করে। এর ফলে ছয় জাতি আলোচনায়ও দেখা দেয় অচলাবস্থা। দীর্ঘ প্রতীক্ষার পর গত ১৩ ফেব্র“য়ারি বেইজিং বৈঠকে পরমাণু কর্মসূচি স্থগিতে সম্মত হয় উত্তর কোরিয়া। আর বিনিময়ে জ্বালানি সাহায্যের প্রতিশ্র“তি পায় দেশটি।
চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক জোড়া লাগারও ক্ষেত্র তৈরি হয়। ছয় জাতি আলোচনায় উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম কাই গোয়ানও যাচ্ছেন যুক্তরাষ্ট্র সফরে। সোমবার নিউইয়র্কে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফর হিলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
