পরমাণু কর্মসূচি বন্ধের প্রতিদান পায়নি লিবিয়া: গাদ্দাফি
লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি অভিযোগ করেছেন, পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে সরে আসার পরও তার দেশকে যথাযথ ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশগুলো। এর ফলে ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো লিবিয়ার দৃষ্টান্ত অনুসরণ করবে না বলেও বলেন তিনি।
লিবিয়াকে একটি ‘জমহুরিয়া’ বা প্রজাতন্ত্র ঘোষণার ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেছেন। সাক্ষাতকারটি শুক্রবার প্রচারিত হয়।
গাদ্দাফি বলেন, পরমাণু অস্ত্র কর্মসূচিকে পরমাণু জ্বালানি কর্মসূচিতে রূপান্তরের প্রক্রিয়ায় পশ্চিমা দেশগুলোর যথাযথ সহযোগিতা পায়নি লিবিয়া।
তিনি বলেনন, 'তারা বলেছিল যুদ্ধ কর্মসূচি থেকে সরে আসলে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি গড়ে তুলতে সাহায্য করবো আমরা। কিন্তু বাস্তবে তা হয়নি।'
কিন্তু তার দেশের এ দৃষ্টান্তকে একটি অনুকরণীয় মডেল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “যুদ্ধ কর্মসূচি পরিত্যাগ করার বিনিময়ে আমেরিকা ও ব্রিটেন তাদের প্রতিশ্র“তি রক্ষা করেনি।”
ইরান ও উত্তর কোরিয়া প্রসঙ্গে গাদ্দাফি বলেছেন, “এ দেশগুলো এখন বলতে পারে যে আমরা লিবিয়ার দৃষ্টান্ত অনুসরণ করবো না। কারণ লিবিয়া তার অস্ত্র কর্মসূচি ত্যাগ করার বিনিময়ে কোনো ক্ষতিপূরণ পায়নি।”
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে প্রকাশ্যে বলেছে যে তারা আশা করে ইরান ও উত্তর কোরিয়া লিবিয়ার দৃষ্টান্ত অনুসরণ করবে।
