২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়ানা - দোদি মৃত্যুরহস্য তদন্তে জুরি গঠনের নির্দেশ ব্রিটিশ আদালতের

যুবরাজ্ঞী ডায়ানা ও তার প্রেমিক দোদি আল ফায়েদের মৃত্যুরহস্য তদন্তের আইনি লড়াইয়ে শুক্রবার দোদির বাবা মোহাম্মদ আল ফায়েদের পক্ষে রায় দিয়েছে ব্রিটিশ আদালত। ফায়েদের দাবি মেনে নিয়ে একটি জুরি গঠন করে তদন্তের শুনানি অনুষ্ঠানের কথা বলা হয়েছে ওই রায়ে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 09:49 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

এর আগে ব্রিটেনের সাবেক শীর্ষ নারী বিচারক এলিজাবেথ বাটলার--স্লস কোনো জুরি গঠন ছাড়া নিজেই ওই বিচার প্রক্রিয়া সামলাবার রুল জারি করেছিলেন। কিন্তু ওই রায়ের বিরুদ্ধে লড়াই করে একটি স্বাধীন জুরির অধীনে মামলার শুনানি অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিলেন দোদির বাবা।

ব্রিটিশ আদালতের তিনজন সিনিয়র বিচারকের এক সম্মিলিত আদেশে শুক্রবার বলা হয়, “জুরি গঠন করে ওই তদন্তের শুনানি অনুষ্ঠান করা উচিৎ।”

আপিল আদালতের বিচারক জেনেট স্মিথ বলেছেন, “মোহাম্মদ আল ফায়েদ অভিযোগ করে আসছেন, ডিউক অফ এডিনবার্গ (যুবরাজ চার্লসের বাবা) এবং নিরাপত্তা বাহিনী যুবরাজ্ঞী ডায়ানা ও দোদিকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। তার এ অভিযোগের তদন্ত করে দেখা প্রয়োজন।”

ফায়েদ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, “আমরা নিশ্চিত হতে চাই যে গঠিত জুরি হবে একটি স্বাধীন জুরি।”

ডায়ানার সাবেক স্বামী যুবরাজ চার্লস ও সাবেক শ্বশুর এডিনবার্গের ডিউককে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

দশ বছর আগে প্রিন্সেস ডায়ানা (৩৬) ও দোদি আল ফায়েদ (৪২) এবং তাদের গাড়ি চালক হেনরি পল প্যারিসের একটি সুরঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত হন। ওই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মেনে নিতে রাজি নন দোদির বাবা আল ফায়েদসহ আরও অনেকেই।

ডায়ানা--দোদির মৃত্যুরহস্য নিয়ে ব্রিটেন ও ফ্রান্সের সরকারি তদন্তে গাড়ি চালকের মদ্যপ অবস্থাকে দায়ি করে একে একটি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়।

ব্রিটিশ আইন অনুসারে যেকোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একটি পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণ করার বিধান রয়েছে।