কোয়াত্রোচ্চিকে হস্তান্তরে আর্জেন্টিনার প্রতি ভারতের আহ্বান
বোফোর্স কেলেঙ্কারিতে অভিযুক্ত ইতালির ব্যবসায়ী ওত্তাভিও কোয়াত্রোচ্চিকে হস্তান্তরের জন্য বৃহস্পতিবার আর্জেন্টিনার কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ভারত।
১৯৯৭ সালে জারি করা ইন্টারপোলের এক গ্রেপ্তারি পরোয়ানা বলে গত ৬ ফেব্র“য়ারি আর্জেন্টিনা আটক করে ইতালির এ ব্যবসায়ীকে। তবে আদালত গত সপ্তাহে তার জামিনের আবেদন মঞ্জুর করলেও বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার আর্জেন্টিনা ছাড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তদন্ত বিভাগের পরিচালক এসকে শর্মা বলেন, “আমরা আমাদের কাগজপত্র দাখিল করেছি। মামলাটি এখন আর্জেন্টিনার কর্তৃপক্ষের হাতে।”
কোয়াত্রোচ্চির বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৯৮৬ সালে সুইডিশ কোম্পানি বোফোর্সের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য ১০২ কোটি ডলারের সমরাস্ত্র কেনার সময় মধ্যস্থতাকারী হিসেবে ৭০ লাখ ডলার ঘুষ নিয়েছিলেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধীর বন্ধু হিসেবে পরিচিত কোয়াত্রোচ্চি। বোফোর্স কেলেঙ্কারির ঘটনা ১৯৮৯ সালের নির্বাচনে কংগ্রেসের পরাজয়ে ব্যাপক ভূমিকা রাখে।
আইন বিশেষজ্ঞ গ্রেগরিয় বাদেনি রয়টার্সকে জানান, যদি আর্জেন্টিনা হস্তান্তরের ব্যাপারে সম্মত হয় তাহলে কোয়াত্রোচ্চি উচ্চ আদালতে আবেদন করলে হস্তান্তর প্রক্রিয়া দুবছর পর্যন্ত চলতে পারে।
বাদেনি বলেন, ভারতীয় কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে যে কোয়াত্রোচ্চির বিরুদ্ধে আনীত অভিযোগগুলো আর্জেন্টিনার আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
তবে আর্জেন্টিনার পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।
আর্জেন্টাইন আইনজীবী আলেজান্দ্রো ফ্রিল্যান্ড দাবি করেছেন, তার মক্কেল কোয়াত্রোচ্চি নির্দোষ। তিনি ভারতের নোংরা রাজনীতির শিকার।
ফ্রিল্যান্ড রয়টার্সকে বলেন, “ভারতে সোনিয়া গান্ধীকে বেকায়দায় ফেলার অস্ত্র হিসেবে কোয়াত্রোচ্চি ইস্যুকে ব্যবহার করছে বিরোধীরা।”
আততায়ীর হাতে নিহত হওয়ার ১৩ বছর পর ২০০৪ সালে একটি ভারতীয় আদালত রাজীব গান্ধীকে অভিযোগ থেকে মুক্তি দেয়। ২০০৫ সালে ঘুষ নেওয়ার দায়ে অপর অভিযুক্ত ব্যবসায়ীদের অভিযোগমুক্ত করা হয়।
