জলবায়ু পরিবর্তন যুদ্ধের চেয়েও ভয়াবহ বিপদ বয়ে আনবে: জাতিসংঘ মহাসচিব
বিশ্বে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে আবারও সতর্ক করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেছেন, এই পরিবর্তন যুদ্ধের চেয়েও ভয়াবহ বিপদ বয়ে আনবে পৃথিবীর জন্য। আর তাই উষ্ণায়ন মোকাবেলায় যুক্তরাষ্ট্রেকে নেতৃত্বের ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের সম্মেলন কক্ষে উষ্ণায়ন নিয়ে আন্তর্জাতিক স্কুল কনফারেন্সে বক্তব্য রাখেন বান কি মুন। বিষয়টিকে যে তিনি এ মুহূর্তে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন তাও মনে করিয়ে দেন জাতিসংঘ মহাসচিব। তিনি জানান, আগামী জিএইট সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায়ও বিষয়টির গুরুত্ব তুলে ধরা হবে।
বান কি মুন বলেন, “বর্তমানে জাতিসংঘের বেশিরভাগ সদস্যই বিশ্ব জুড়ে সংঘাত ও সহিংসতা প্রতিরোধেই বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তন ও উষ্ণায়ন তার চেয়েও বিপজ্জনক হয়ে উঠছে বিশ্বের অস্তিত্বের জন্য। শুধু তাই নয় এর সঙ্গে যোগসূত্র রয়েছে সংঘাতেরও।”
তার ভাষায়, “উষ্ণায়নের প্রভাবে মরুকরণ দেখা দিচ্ছে পুথিবীর বুকে। চাষযোগ্য জমি কমে আসছে, দেখা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আর এর অনিবার্য পরিণতি হয়ে দেখা দেবে সংঘাত।”
আর তাই এ বিষয়ে সমন্বিত পরিকল্পনা নিয়ে সব রাষ্ট্রের একযোগে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন জাতিসংঘ মহাসচিব। এক্ষেত্রে নেতৃত্বে ভূমিকা পালনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, “শিল্পোন্নত দেশগুলোরই এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।”
এ সময় কিছুটা আত্মসমালোচনার সুরও ফুটে ওঠে জাতিসংঘের নতুন মহাসচিবের কণ্ঠে। বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রজন্ম বিষয়টি নিয়ে উদাসিনতা দেখিয়েছে। তবে আমি আশাবাদী এ অবস্থার পরিবর্তন আসবে।”
জলবায়ুর পরিবর্তন নিয়ে জাতিসংঘ মহাসচিব হিসেবে এই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য রাখলেন বান কি মুন। গত মাসেই উষ্ণায়ন নিয়ে প্যারিসে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে জাতিসংঘ। ১৩৯টি দেশের প্রায় আড়াই হাজার বিশেষজ্ঞ অংশ নেন ওই সম্মেলনে। বিশ্ব জলবায়ুর পরিবর্তন ও উষ্ণায়নের জন্য মানব সংঘটিত ক্রিয়াকর্মকেই দায়ি করেন বিশেষজ্ঞরা।
সম্মেলনে বিজ্ঞানীরা জানান, এভাবে চলতে থাকলে একবিংশ শতক শেষে বিশ্বের তাপমাত্রা ১ দশমিক ৮ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরিত হয় যুক্তরাষ্ট্র থেকে, যা মোট নিঃসরিত গ্যাসের এক - চতুর্থাংশ। গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে এক সময় কিয়োতো সনদ গ্রহণ করা হয়। তাতে বলা হয়, ২০১২ সাল নাগাদ শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের চেয়ে পাঁচ শতাংশ কমিয়ে আনবে।
কিন্তু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে- এ অজুহাতে তাতে স্বাক্ষর করেনি যুক্তরাষ্ট্র। স্বাক্ষর না করার পক্ষে যুক্তি দেখিয়ে ২০০১ সালে প্রেসিডেন্ট বুশ বলেন, “শুধু শিল্পেœান্নত দেশগুলোকে নিঃসরণ কমাতে বলা হলেও উন্নয়নশীল দেশগুলোর জন্য কিছু বলা হয়নি।”
অবশ্য গত জানুয়ারিতে প্রেসিডেন্ট বুশ স্বীকার করেন, জলবায়ুর পরিবর্তন বিশ্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিচ্ছে।
