যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনীতে সম্মত দুই কোরিয়া
মৈত্রীর বন্ধন তৈরিতে নতুন উদ্যোগ নিয়েছে দুই কোরিয়া। কোরিয়া যুদ্ধের সময় বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলো পুনর্মিলনীর জন্য শুক্রবার একটি চুক্তি করেছে সউল ও পিয়ংইয়ং।
গত বছর পরমাণু পরীক্ষা চালানোর পর দুই কোরিয়ার সম্পর্কে তিক্ততা আরও বেড়ে যায়। দীর্ঘ অচলাবস্থার পর পরমাণু কার্যক্রম বন্ধে উত্তর কোরিয়া সম্মত হওয়ার পর ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানোর কাজ পুনরায় শুরু হয়। আর এরই অংশ হিসেবে এ চুক্তি স্বাক্ষর হয়।
বৈঠক সূত্র জানায়, ১৯৫০ - ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোকে একত্র করার কাজ মে মাসে পুনরায় শুরুতে পিয়ংইয়ং সম্মত হয়েছে।
২০০৬ সালের জুলাই মাসে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র হামলা চালালে সিউল সে দেশে খাদ্য সরবরাহ বন্ধ করে। তখন উত্তর কোরিয়াও ক্ষুব্ধ হয়ে পরিবারগুলোর পুনর্মিলনের কাজ বন্ধ করে দেয়।
তবে আক্ষরিক অর্থে দুই কোরিয়া এখনও যুদ্ধের মধ্যে রয়েছে। কেননা, কোরিয়া যুদ্ধের অবসানে কোনো ধরনের চুক্তি হয়নি। যুদ্ধবিরতির সমঝোতা হয়েছিল মাত্র।
