যুক্তরাষ্ট্রে টর্নেডোর ছোবলে ১১ জনের মৃত্যু, আহত অর্ধশত
যুক্তরাষ্ট্রে টর্নেডোর ছোবলে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশত। বৃহস্পতিবার আলাবামা, জর্জিয়া ও মিসৌরি অঙ্গরাজ্যে আঘাত হানে টর্নেডো। এতে আলাবামায় একটি বিদ্যালয় ভবন ধসে পড়ে। টর্নেডোয় লণ্ডভণ্ড আলাবামার এন্টারপ্রাইজ শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজ্যের বহু এলাকা হয়ে পড়েছে বিদ্যুৎবিচ্ছিন্ন। শিকাগো বিমানবন্দরে প্রায় ৪ শ’ ফ্লাইট বাতিল করা হয়।
আলাবামার গভর্নর বব রিলে এন্টারপ্রাইজ শহরে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে সেখানে একশ ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে আলাবামা এবং মিসৌরির বেশিরভাগ এলাকা। শিকাগোর ও হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪০০ ফ্লাইট ঝড় ও ঘন কুয়াশার কারণে বাতিল করা হয়েছে।
আলাবামার দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র ইয়াসমি রিচার্ডসন জানান, প্রবল ঝড়ে এন্টারপ্রাইজ শহরে একটি বিদ্যালয় ভবন ধসে পাঁচ জনের প্রাণহানি হয়। ঝড়ের কবল থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছিলেন সেখানে।
টেলিভিশনের নিউজ ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত ভবনের কাছের ফুটবল মাঠে নামছে উদ্ধার কাজে অংশ নেওয়া হেলিকপ্টার। আহতদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হচ্ছে। ঝড়ে উপড়ে পড়া গাছ এবং উল্টে যাওয়া গাড়ি পড়ে থাকতে দেখা যায় সেখানে।
ঝড়ে আহত ৫০ জনকে ইতোমধ্যে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন আলাবামা হাসপাতালের তত্ত্বাবধায়ক জেফ ব্রানন।
নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে, এক প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে সিএনএন জানায়, বিধ্বস্ত ভবন থেকে দুজন কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ঝড়ে ১৭ জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে পরে ওই রাজ্যে মোট সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।
ঝড়ে জর্জিয়ায় প্রাণ হারান তিন জন। এর মধ্যে দুই জন অ্যামিরেকাস এলাকার এবং বাকি একজন টেইলর কাউন্টির। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা দপ্তরের মুখপাত্র রাজ ওয়েস জানিয়েছেন এ তথ্য।
মিশৌরির কোলফিল্ড শহরে ঝড়ে মাটির সঙ্গে মিশে গেছে ছয়টি বাড়ি এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গ্যাস স্টেশন। এ রাজ্যে মৃত্যু হয়েছে এক কিশোরীর। ঘর চাপায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে, টর্নেডো বিধ্বস্ত আলাবামা এবং মিসৌরির গভর্নরের কাছে শোক প্রকাশ করে ত্রাণসহ অন্যান্য সহযোগিতার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট বুশ।
আলাবামা এবং জর্জিয়া অঙ্গরাজ্যের কয়েকটি কাউন্টি টর্নেডোর কবলে পড়তে পারে -এরকম পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল।
