২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের ভেতরেই আরও বিতর্কের আহ্বান জানালেন চীনা উপ রাষ্ট্রপতি

দেশ শাসন পদ্ধতির উন্নয়নের জন্য ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টিতে আরও বিতর্ক এবং দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন চীনের উপ রাষ্ট্রপতি জেং কুইংহং। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদপত্র পিপলস ডেইলি তাকে উদ্ধৃত করে একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 06:53 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

চলতি বছর অনুষ্ঠেয় কম্যুনিস্ট পার্টির ১৭তম কংগ্রেস সম্পর্কে বলতে গিয়ে দলীয় কর্মীদের নির্ভয়ে মত প্রকাশের আহ্বান জানান জেং।

সিনহুয়া সংবাদ সংস্থার এক কর্মকর্তা বলেন, “জেং দলীয় সৃজনশীলতা, কর্মদক্ষতা ও শাসন ব্যবস্থা উন্নয়নের জন্য দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।” কম্যুনিস্ট পার্টির একটি স্কুলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য নতুন পর্যায় উদ্বোধনের সময় জেং একথা বলেন।

তিনি বলেন, “শাসনতান্ত্রিক ব্যবস্থা দৃঢ় করা এবং দ্রুত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য কম্যুনিস্ট পার্টির উচিত গণতন্ত্র, দুর্নীতি দমন এবং সমাজতন্ত্রের বিভিন্ন তত্ত্ব সম্পর্কে কর্মকর্তাদের শিক্ষিত করে তোলা।”

চীনে শাসন কাঠামোতে প্রতিযোগিতা ও আলোচনার বিষয়টি শক্তিশালী করতে ‘অভ্যন্তরীণ দলীয় গণতন্ত্র’ প্রত্যয়টি ব্যবহার করা হয়।

দলীয় মুখপাত্র জানিয়েছে, স্বচ্ছ আইন প্রণয়ন এবং কর্মকর্তাদের তদন্তের ফলাফল প্রকাশ করার মাধ্যমে সাম্প্রতিক সময়ে দলের সাংহাই শাখা প্রধান চেন লিয়াংয়ুর পতনের বিষয়টির মতো লজ্জাজনক ঘটনা তৈরি করবে না বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট হু জিনতাও। চেন লিয়াংয়ু পেনশন বরাদ্দ অপব্যাবহারের অভিযোগে অভিযুক্ত হন।  

তবে হু এবং অপর নেতারা বর্তমান একদলীয় শাসন ব্যবস্থায় বড় ধরনের কোনো গণতান্ত্রিক পরিবর্তনের বিরোধী।

চীনে ১৯৮৯ সালের তিয়েনআমেন অভ্যুত্থানের পর কোনো ধরনের রাজনৈতিক পরিবর্তন বন্ধ রয়েছে। কেন্দ্রীয় নেতারা পশ্চিমা গণতন্ত্র বিরোধী হলেও আঞ্চলিক প্রতিনিধিরা সাম্প্রতিক বছরগুলোয় বিভিন্ন পদ্ধতির প্রয়োগের মাধ্যমে দুর্নীতি রোধে একটি কার্যকর কাঠামো উদ্ভাবন করেছেন।

আসন্ন কংগ্রেসে ১৯৪৯ সালে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে ক্ষমতা গ্রহণকারী দলটির সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের রদবদল হবে বলে আশা করা হচ্ছে।