মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যের সমালোচনায় রাশিয়া
গণতন্ত্রের পথ থেকে রাশিয়া ক্রমশ দূরে সরে যাচ্ছে- মার্কিন গোয়েন্দা প্রধানের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে মস্কো।
মার্কিন গোয়েন্দা প্রধান মাইক ম্যাকানেলের মঙ্গলবার ওই মন্তব্য করেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বাদ দিয়েই ভাদিমির পুতিনের উত্তরসূরি নির্বাচন করতে পারে রাশিয়া।
মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যের জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্দ্রেই ক্রিভটসভ বৃহস্পতিবার বলেন, “সময়ের বিচারে ম্যাকানেল এখনও অনেক পেছনে পড়ে আছেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন বিষেশজ্ঞ অনুমানের ক্ষেত্রেও সাবেক রয়ে গেছেন।”
ক্রিভটসভের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স আরও জানায়, মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যের কোনো ভিত্তি নেই। উপরন্তু তা রুশ - মার্কিন বর্তমান সম্পর্কের সঙ্গেও সাযুজ্যপূর্ণ নয়।
যুক্তরাষ্ট্র সিনেটের আর্মস সার্ভিসেস কমিটিকে ম্যাকানেল আরও বলেছিলেন, ভাদিমির পুতিনকে এখন ঘিরে রেখেছে রক্ষণশীলরা, যারা যুক্তরাষ্ট্রের প্রতি সন্দেহপ্রবণ।
গত ১০ ফেব্র“য়ারি জার্মানিতে পুতিনের বক্তব্য ঘিরে রুশ - মার্কিন সম্পর্কে টানাপড়েন চলছে। পুতিন তখন অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চাইছে। পাশাপাশি মধ্য ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী বুহ্য স্থাপন রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
