নাইন ইলেভেন বিলে ভেটো দেওয়ার হুমকি হোয়াইট হাউজের
বিমানবন্দরকর্মীদের বেশি সুযোগ দেওয়া হয়েছে- এ অভিযোগ তুলে নাইন ইলেভেন সংক্রান্ত একটি বিলে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বুধবার সিনেটে এ নিয়ে আলোচনা শুরু হয়।
১১ সেপ্টেম্বরের হামলার পর নিরাপত্তা সংক্রান্ত গঠিত কমিশন যে প্রস্তাবগুলো উপস্থাপন করে তার প্রয়োগ নিশ্চিত করতেই বিলটি উত্থাপন করা হচ্ছে।
ডেমোক্রেটদের আনা বিলের একটি ধারা নিয়ে আপত্তি বুশ প্রশাসনের। তাদের অভিযোগ, এর মাধ্যমে বিমানবন্দরের কর্মীদের ইউনিয়ন করার ব্যাপারে অধিকতর সুবিধা দেওয়া হয়েছে, যা যাত্রীদের নিরাপত্তাহানি ঘটাতে পারে।
হোয়াইট হাউজের মুখপাত্র স্কট স্ট্যানজেল বলেন, “প্রস্তাবিত বিল থেকে যদি শ্রমিকদের আরও সুযোগ দেওয়ার বিষয়টি প্রত্যাহার করা না হয়, তবে প্রেসিডেন্টের উপদেষ্টারা ভেটো দেওয়ার জন্য তার প্রতি আহ্বান জানাতে পারেন।”
তবে বিলের পক্ষের অন্যতম নেতা কানেক্টিকাটের স্বতন্ত্র সিনেটর জোসেফ লিবারম্যান বিলটিতে সম্মতি দেওয়ার জন্য প্রেসিডেন্ট বুশের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের অন্যান্য খাতের শ্রমিকদের তো ইউনিয়ন করার অধিকার রয়েছে, তাহলে বিমানবন্দরের কর্মীদের সুযোগ সীমিত করা কেন?”
লিবারম্যান আশ্বস্ত করেন, প্রস্তাবিত বিলে কর্মচারীদের ধর্মঘটের ক্ষমতা দেওয়া হয়নি। পাশাপাশি এর অধীনেও ‘পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ’ কর্মচারীদের জরুরি অবস্থায় তলব করতে পারবে।
এদিকে ৩৬ জন রিপাবলিকান সিনেটর মঙ্গলবার এক চিঠিতে প্রেসিডেন্ট বুশকে জানিয়েছেন, সিনেটে ভেটো টিকিয়ে রাখতে পর্যাপ্ত সমর্থন তারা জোগাড় করেছেন।
