১০ মার্চের বৈঠকে যুক্তরাষ্ট্র, ইরান ও সিরিয়াকে আমন্ত্রণ ইরাকি প্রধানমন্ত্রীর
ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রতিবেশী দেশ ও বিশ্ব শক্তিগুলোর বৈঠকের তারিখ নির্ধারিত হয়েছে ১০ মার্চ। ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকি বুধবার দেশগুলোকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ফ্রান্স জানিয়েছে, তারা অংশ নেবে ওই বৈঠকে। একই কথা জানিয়েছে সিরিয়াও। তবে ইরান বলেছে, তারা প্রস্তাবটি বিবেচনা করছে। ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রতিবেশী দেশগুলো ছাড়াও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর কাছে আমন্ত্রণ পৌঁছানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে আরব লীগ ও ইসলামি সম্মেলন সংস্থাকেও (ওআইসি)।
প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়, বাগদাদে অনুষ্ঠেয় ওই বৈঠক ইরাকের বর্তমান সরকারের প্রতি রাজনৈতিক সমর্থন নিশ্চিত করবে বলে আশাবাদী সরকার। পাশাপাশি নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইরাকি পররাষ্ট্রমন্ত্রী হোশায়ের জেবারি মনে করছেন, বৈঠকটি ইরাক নিয়ে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার বোঝাপড়া তৈরিতে সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
বৈঠককে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তারা এতে যোগ দেবে। তবে ইরান ও সিরিয়ার বিরুদ্ধে ইরাকে সহিংসতায় মদদ যোগানোর অভিযোগ থেকে সরে আসবে না তারা।
হোয়াইট হাউজের মুখপাত্র টনি স্নো বুধবার সাংবাদিকদের বলেন, “সমস্যার কূটনৈতিক সমাধানে আন্তরিকতার নজির স্থাপন চায় ওয়াশিংটন।”
বাগদাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নাকচ করেননি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, পরমাণু কর্মসূচি বন্ধের আগে তেহরানের সঙ্গে আলোচনার অবকাশ নেই।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সানা জানায়, ইরাক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা যুক্তিযুক্ত মনে করছে দামেস্ক। সিরিয়া আরও বলেছে, আঞ্চলিক সব সমস্যার মধ্যে যোগসূত্র রয়েছে।
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সম্পাদক আলী লারিজানি জানিয়েছেন, ইরাকের আমন্ত্রণ বিবেচনা করে দেখছে তেহরান। তিনি বলেন, “ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব চেষ্টাই আমাদের রয়েছে। তবে বৈঠকে আমরা তখনই অংশ নেব, যখন বুঝব ইরাকের স্বার্থেই ওই বৈঠক হবে।”
ইরান এর আগে জানিয়েছিল, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার না হলে তারা কোনো বৈঠকে অংশ নেবে না।
