২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে খামারে বার্ড ফ্লুর সংক্রমণ

এক বছরের মধ্যে মিয়ানমারে প্রথমবারের মত বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া গেছে। তবে এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির কথা এখনও জানা যায়নি বলে বৃহস্পতিবার দেশটির উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 12:14 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

রাজধানী ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলে এ রোগ ছড়িয়ে পড়ায় একটি খামারের ১,৫০০ হাঁস ও মুরগীকে মেরে ফেলা হয়েছে বলে গবাদিপশুর বংশ বৃদ্ধি ও মৎস মন্ত্রণালয়ের কর্মকর্তা থান হ্লা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন।

তিনি বলেন, “খামারের মালিক আমাদেরকে এ তথ্য দেওয়ার পর আমরা প্রয়োজনীয় পরীক্ষাগুলো করে নিশ্চিত হই যে হাঁস--মুরগীগুলো এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত। তবে সুখবর হল এ খামারটির এক মাইলের মধ্যে আর কোনো খামার নেই।”

তিনি আরও বলেন, “খামারটি আবাসিক এলাকায় অবস্থিত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভাইরাসের বিস্তার পর্যবেক্ষণের সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করছি আমরা। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি এ রোগে আক্রান্ত হয়নি বা অন্য কোনো খামারে ভাইরাসটি ছড়িয়ে যায়নি।”

অতিথি পাখির মাধ্যমে এ ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে বলেও ধারণা করছেন তিনি।

প্রসঙ্গত, মিয়ানমারে গত বছর মার্চের পর থেকে এবারই প্রথম বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেল।