সন্ত্রাস রোধে নেওয়া পদক্ষেপ নবায়ন নাকচ করেছে কানাডা
সন্ত্রাস রোধে নেওয়া সরকারের দুটি বিতর্কিত পদক্ষেপের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডার পার্লামেন্ট। রক্ষণশীল সরকার মেয়াদ বাড়াতে চাইলেও ভোটে তা নাকচ হয়ে যায়।
সরকার অভিযোগ করছে, বিরোধীরা দেশের নিরাপত্তার ব্যাপারে উদাসীন। পক্ষান্তরে বিরোধী দল বলছে, সরকার যে পদক্ষেপগুলো নিয়েছিল তা কোনো কাজে আসছে না, বরং নাগরিক অধিকার সুরক্ষা ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার পর সন্ত্রাস রোধে দুটি পদক্ষেপ নিয়েছিল তৎকালীন সরকার। প্রথমত, সন্দেহভাজন যেকোনো ব্যক্তিকে আটক করার বৈধতা দেওয়া হয় পুলিশকে। কোনো অভিযোগ ছাড়াই যেকোনো ব্যক্তিকে তিনদিন পুলিশী হেফাজতে রাখার ক্ষমতাও দেওয়া হয়। দ্বিতীয়ত, এ ধরনের কোনো মামলায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দিতে বাধ্য করার ক্ষমতা দেওয়া হয় বিচারককে।
চলতি বছরের ১ মার্চ এর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সরকার তা নবায়ন করতে চেয়েছিল। কিন্তু মঙ্গলবার হাউজ অফ কমন্সে ১৫৯ - ১২৪ ভোটে তা নাকচ হয়ে যায়।
পার্লামেন্টের ৩০৮টি আসনের মধ্যে মাত্র ১২৫টি নিজেদের নিয়ন্ত্রণে থাকায় এটি অনুমোদন করিয়ে নিতে ব্যর্থ হয় রক্ষণশীল সরকার।
প্রধানমন্ত্রী স্টিফেন হারপার পার্লামেন্টে অভিযোগ করেন, সন্ত্রাস দমনের প্রশ্নে বিরোধী উদারপন্থীরা নমনীয়। তারা কানাডার নিরাপত্তার ব্যাপারে উদাসীন। দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে পদক্ষেপগুলো নবায়নের জন্য বিরোধীদের প্রতি আহ্বানও জানান তিনি।
ভোটাভুটির আগ মুহূর্তে দেশটির জননিরাপত্তা মন্ত্রী স্টকঅয়েল ডি বলেন, “পদক্ষেপগুলো নবায়নে যদি পার্লামেন্ট অনুমোদন না দেয় তবে আমাদের মিত্র ও সম্ভাব্য শত্র“দের কাছে ভুল বার্তা পৌঁছবে।”
তবে এ সংক্রান্ত সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন উদারপন্থী নেতা স্টিফেন ডিয়ন। তিনি বলেন, “এটা খুবই হাস্যকর অভিযোগ। সন্ত্রাস রোধে কার্যকর পদক্ষেপ চাই আমরা। দেশের জনগণকে কীভাবে রক্ষা করতে হবে তা আমি ভালোভাবেই জানি। যে দুটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা সমস্যা সমাধানে কোনো কাজে আসছে না। একই সঙ্গে ব্যক্তি অধিকার রক্ষার ক্ষেত্রে ঝুঁকিও তৈরি করছে এটি।”
এক সপ্তাহে এ নিয়ে দ্বিতীয় বার বাধার মুখে পড়ল কানাডা সরকারের সন্ত্রাসবিরোধী কার্যক্রম। গত শুক্রবার সুপ্রিম কোর্ট এমন আরেকটি আইন রদ করে। ওই আইনে কোনো অভিযোগ ছাড়াই সন্দেহভাজন বিদেশিদের অনির্দিষ্ট মেয়াদে আটক রাখার ক্ষমতা দেওয়া হয়েছিল।
