ইরাক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক টেবিলে ইরান ও সিরিয়া
ইরান ও সিরিয়ার অংশগ্রহণ সত্ত্বেও ইরাক ইস্যুতে প্রস্তাবিত আঞ্চলিক বৈঠকে যোগ দেবে যুক্তরাষ্ট্র । মার্কিন কর্মকর্তারা মঙ্গলবার একথা জানান। ওয়াশিংটনের পক্ষ থেকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় মদদদাতা হিসেবে চিহ্নিত এ দেশ দুটির সঙ্গে ইরাক ইস্যুতে এক টেবিলে আলোচনায় বসাকে মার্কিন নীতির বড় ধরনের পরিবর্তন হিসেবে মনে করা হচ্ছে।
ইরাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে প্রতিবেশী দেশ দুটিকে আলোচনায় অন্তর্ভুক্ত করার দাবি ছিল দীর্ঘদিন ধরেই। এমনকি যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ‘ইরাক স্টাডি গ্র“পের’ প্রতিবেদনেও এ সুপারিশ জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় ইরাক ইস্যুতে সংশ্লিষ্ট দেশগুলোর মাঝারি সারির কর্মকর্তাদের নিয়ে মার্চ মাসে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং মন্ত্রী পর্যায়ের নেতাদের নিয়ে দ্বিতীয় দফা বৈঠক হবে এপ্রিল মাসে।
পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন ইরাকের এ বৈঠক আয়োজনে পূর্ণ সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের। তিনি বলেন, “ওই দুটি বৈঠকেই ইরান ও সিরিয়াকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে ইরাক সরকার। আমরা আশা করি এ সুযোগকে কাজে লাগিয়ে ইরাক সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়ন করবে এবং এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনার জন্য কাজ করবে ওই সরকারগুলো।”
রাইস বলেন, মার্চ মাসের প্রথম বৈঠকটিতে ওই অঞ্চলের দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতরাও অংশগ্রহণ করবেন। এপ্রিল মাসের দ্বিতীয় দফা বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর মন্ত্রীদের সঙ্গে জি--এইট দেশগুলোর মন্ত্রীরাও অংশগ্রহণ করতে পারেন বলে জানান তিনি।
