বোমা হামলার পর বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন চেনি
আফগানিস্তানের মার্কিন বিমান ঘাঁটিতে মঙ্গলবার বোমা হামলার পরপরই একটি ভূ--গর্ভস্থ বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাঙ্কার থেকে বেরিয়ে আসেন এবং কাবুলে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের সঙ্গে বৈঠকের পর অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে আফগানিস্তান সফরে আসেন চেনি। কিন্তু সেখানকার প্রধান মার্কিন সামরিক ঘাঁটি বাগরাম বিমান ঘাঁটিতে তালেবানরা এ হামলা চালায় তার উপস্থিতিতেই। নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা আত্মঘাতী বোমা হামলা সম্পর্কে চেনিকে জানান এবং তাকে নিরাপদে সরিয়ে নেন। ওই হামলায় এক মার্কিন ও এক দক্ষিণ কোরীয় সেনাসহ ১৪ জন নিহত ও ২৭ জন আহত হন। কিন্তু তালেবানরা দাবি করেছে চেনিকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছিল।
এ প্রসঙ্গে চেনি বলেন, “সকাল ১০ টার সময় একটা বড় বিস্ফোরণের শব্দ শুনি আমি। কিছু সময়ের জন্য আমাকে পার্শ্ববর্তী বোমা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আমার ঘরে ফিরে আসি আমি এবং বেরিয়ে যাওয়ার সময় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করি।”
আকস্মিক সফরে আফগানিস্তানে এসে খারাপ আবহাওয়ার কারণে ওই ঘাঁটিতেই রাত কাটান চেনি। তার উপস্থিতিতে কীভাবে এ হামলা চালানো হল কিংবা ওই আত্মঘাতী হামলাকারীই বা কীভাবে ঘাঁটির এতো কাছাকাছি চলে এলো তা তদন্ত করে দেখছেন মার্কিন কর্মকর্তারা। ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র টনি øো একথা জানান। তবে এ হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মন্তব্য করেছেন তিনি।
