কাস্ত্রো নিজেই জানালেন, তিনি সুস্থ হয়ে উঠছেন
গত বছরের জুলাইয়ে অসুস্থ হয়ে পড়ার পর প্রথমবারের মতো বেতারে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে নিজের আরোগ্য লাভের কথা জানালেন কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো।
ভেনেজুয়েলা রেডিওর প্রতিদিনের অনুষ্ঠান ‘হ্যালো প্রেসিডেন্ট’- এ প্রেসিডেন্ট হুগো শাভেজের সঙ্গে ফিদেলের কথোপকথন মঙ্গলবার সরাসরি সম্প্রচার করা হয়। পরে তা কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনেও দেখানো হয়।
আধ ঘণ্টার এই কথোপকথনে বেশ হাসিখুশি মনে হয়েছে কিউবার এ অবিসংবাদিত নেতাকে। কণ্ঠও ছিল স্বাভাবিক। এক পর্যায়ে শাভেজের সঙ্গে রসিকতায়ও মেতে ওঠেন তিনি।
“আমি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠছি। পড়াশুনার জন্য শারীরিক ও মানসিক সক্ষমতা বাড়ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, অসুস্থতার কারণে নিজেকে এখন আমার আবার ছাত্র মনে হচ্ছে।” হাসতে হাসতে বলেন ৮০ বছরের ফিদেল।
শো’র প্রথমেই তিনি শাভেজকে প্রশ্ন করেন, “বন্ধু, তুমি কেমন আছো?” শাভেজের পাল্টা প্রশ্নের জবাবে ফিদেল বলেন, “আমি এখন আগের চেয়ে সুস্থ এবং ভালো বোধ করছি।”
আগামী সপ্তাহে শাভেজের বলিভিয়া এবং আর্জেন্টিনা সফর প্রসঙ্গে মৃদু হেসে ফিদেল বলেন, “তোমার সফরসঙ্গী হতে পারব কি না, সে বিষয়ে অবশ্য এখনি কোনো কথা দিতে পারছি না।”
মাস খানেক আগে ফিদেল এবং শাভেজের একটি ভিডিও ফুটেজ দেখিয়েছিল কিউবা টেলিভিশন।
