পশ্চিমাদের ইচ্ছায় পরমাণু কর্মসূচি বন্ধ হবে না: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
পশ্চিমাদের ইচ্ছা কিংবা দাবির মুখে পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান। এ কথা আবারও জানিয়ে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মনুশেহর মোত্তাকি।
পরমাণু ইস্যুতে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং জার্মানি একমত হওয়ার পর মঙ্গলবার এ কথা বললেন তিনি।
ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে সোমবার লন্ডনে শুরু হয় বিশ্বশক্তিগুলোর ওই বৈঠক।
মনুশেহর মোত্তাকির উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, “পশ্চিমা বিশ্বের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি অযৌক্তিক, অবৈধ। ইরান তা কখনো মেনে নেবে না”।
তিনি আরও বলেন, “ইরান তার শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিদর্শনের সুযোগ সবসময়ই খোলা রেখেছে, আর নিশ্চয়তা দিতে পারি, বোমা বানানোর কোনো অভিপ্রায় আমাদের নেই।”
এর আগে গত বছর ডিসেম্বরে ইরানের ওপর সীমিত পরিসরের নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। সেই সঙ্গে পরমাণু কর্মসূচি বন্ধের জন্য ইরানকে ২১ ফেব্র“য়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু এতসবের মধ্যেও নিজেদের পরমাণু কর্মসূচি বন্ধ না করতে অটল থাকে ইরান।
