২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরনের নতুন ছবি যিশু ও মেরি ম্যাডলেনকে নিয়ে

‘দি ভিঞ্চি কোড’ দিয়ে কিছু দিন আগেই একবার নাড়িয়ে গিয়েছিলেন ড্যান ব্রাউন। এবার খ্রিস্টান ধর্মবিশ্বাসকে আরও নাড়াতে আসছেন জেমস ক্যামেরন। টাইটানিক খ্যাত এ নির্মাতার এবারের চলচ্চিত্র যিশু খ্রিস্ট ও মেরি ম্যাডলেনকে নিয়ে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 04:10 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

অনেকের মতোই ক্যামেরনের দাবি, যিশু বিয়ে করেছিলেন ম্যাডলেনকে। তাদের ছেলেও ছিল। আর এর সপক্ষে তিনি হাজির করেছেন ১৯৮০ সালে জেরুজালেমে উদ্ধার হওয়া কিছু হাড়গোড়। তার মতে, এর মধ্যে যিশু, ম্যাডলেন ও তাদের ছেলে জুডাহ এর অস্থিও রয়েছে।

সোমবার নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলনে জেমস ক্যামেরন জানান, ‘দি লস্ট টোম্ব অফ জেসাস’ নির্মাণের পরিকল্পনার কথা। তিনি বলেন, “এটি একটি যুগান্তকারী আবিস্কারের সূচনা।”

পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা তার বিশ্বাসকে দৃঢ় করেছে বলেই জানালেন ক্যামেরন। জেরুজালেম থেকে পাওয়া দুটি অস্থি আধারও উপস্থিত সবাইকে দেখান তিনি।  

১৯৮০ সালে দক্ষিণ জেরুজালেমের সমাধিস্থল থেকে উদ্ধার করা হয় দশটি অস্থি আধার। এদের মধ্যে এই ছোটো দুটি অস্থি আধার যিশু ও মেরির- দাবি ক্যামেরনের। এসব আধারের গায়ে যিশু, মেরি ম্যাডলেনের নাম খোদাই করা ছিল। একটি আধারে লেখা ছিল, ‘যুডাহ, যিশুর পুত্র’।

ক্যামেরন বলছেন, অস্থি আধারে যে নাম পাওয়া গেছে তা যিশু এবং তার পরিবারের না হওয়ার সম্ভাবনা ছয় শ ভাগের এক ভাগ মাত্র।

ক্যামেরনের দাবি যদি সত্য হয়, তাহলে হুমকির মুখে পড়বে খ্রিস্টান ধর্ম। কেননা, খ্রিস্টানরা বিশ্বাস করেন যিশু মারা যাননি, তাকে স্বর্গে তুলে নেওয়া হয়েছে। তিনি আবারও ফিরবেন প্রথিবীতে। একই সঙ্গে তিনি ছিলেন অকৃতদার।

এদিকে ক্যামেরনের বক্তব্যের সপক্ষে দাঁড়ানোর চেয়ে গবেষকরা সন্দেহই পোষণ করেছেন বেশি। অনেকের আবার ধারণা, এটা হচ্ছে ছবি হিট করানোর ধান্ধা।

জেরুজালেমে অস্থি আধারগুলোর আবিষ্কর্তা ড সায়মন গিবসন জানালেন, ওই সমাধিক্ষেত্র যিশুর পরিবারের কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে তারই। ওই খনন কাজের সঙ্গে যুক্ত প্রতœতাত্ত্বিক আমোস ক্লোনারের মতে, “এমনও হতে পারে এটা যিশু নামে অন্য কারও সমাধিক্ষেত্র। এটা যিশু খ্রিস্টের সমাধিস্থল বলে আমি অন্তত মেনে নিতে পারছি না। আমার মনে হয় না জেরুজালেমে তাদের পরিবারের কোনো সমাধিক্ষেত্র ছিল। কারণ তাদের পরিবারটি ছিল খুবই গরিব। নাজারেথ থেকে তারা জেরুজালেমে এসেছিল। সুতরাং ঐতিহাসিক কিংবা প্রতœতাত্ত্বিক-  কোনো দৃষ্টিকোণ থেকেই এটা আমি মানতে পারছি না।”

ইউনিভার্সিটি অফ টেক্সাসের অধ্যাপক মাইকেল হোয়াইট তো ক্যামেরনের দাবির পেছনে অন্য কারণও খতিয়ে দেখতে চাইছেন। তিনি বলছেন, “এটা মোটেই বিশ্বাসযোগ্য কিছু নয়, বরং ছবি হিট করানোর একটা ধান্ধা।”