২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে আত্মঘাতী হামলা, ডিক চেনি অক্ষত

আফগানিস্তানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা হয়েছে মঙ্গলবার। এতে এক মার্কিন ও এক কোরীয় সেনাসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। হামলার সময় ওই ঘাঁটিতেই ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তালেবানরা হামলার দায়িত্ব স্বীকার করেছে। ঘটনার পর আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন ডিক চেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 02:25 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বাগরাম বিমান ঘাঁটি, আফগানিস্তান, ফেব্র“য়ারি ২৭ (নফহবংি২৪.পড়স/জবঁঃবৎং)- 

মার্কিন কর্মকতারা জানান, কাবুলের ৬০ কিলোমিটার দক্ষিণে বাগরাম বিমান ঘাঁটিতে ওই হামলা হয়। হামলাকারী ঘাঁটির একটি গেটে নিজের সঙ্গে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। 

বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তান ভিত্তিক আফগান বার্তা সংস্থা ইসলামিক প্রেস এজেন্সি। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা হাজি খাবানি জানিয়েছেন, তিনি বিস্ফোরণস্থলে ১০টি ছিন্নভিন্ন মৃতদেহ দেখেছেন। তিনি নিশ্চিত করেন, এটি ছিল আত্মঘাতী হামলা। ন্যাটো দাবি করেছে, বিস্ফোরণে হামলাকারীসহ চার জন নিহত ও ২৭ জন আহত হন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে বেশ কয়েক জন সেনা সদস্য আহত হন। তারা নিহত এক মার্কিন সেনা ও এক কোরীয় সেনার পরিচয় নিশ্চিত করেন।

ঘটনার সময় বাগরাম বিমান ঘাঁটিতেই ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। পাকিস্তান সফর শেষে সোমবার রাতে তিনি আফগানিস্তানে আসেন। রাত কাটান ওই ঘাঁটিতেই।

মার্কিন কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, ডিক চেনি অক্ষত আছেন। ডিক চেনির মুখপাত্র লি অ্যান ম্যাকব্রাইড বলেন, “ভাইস প্রেসিডেন্ট সুস্থ আছেন, নিরাপদে আছেন।”

এদিকে ডিক চেনির সফরসঙ্গী সাংবাদিকরা বলেছেন, “বিস্ফোরণের কথা সঙ্গে সঙ্গেই আমরা জানতে পারিনি। ঘটনার পর ঘাঁটিতে রেড এলার্ট জারি করা হলে সন্দেহ হয়। তখন জানতে চাইলে সেনা কর্মকর্তারা বিস্ফোরণের কথা জানান।”

ঘটনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কাবুল যান। সেখানে আফগান প্রেসিডেন্টের বাসভবনে হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রায় ঘণ্টাব্যাপী ওই বৈঠকের পর মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ডিক চেনি।

তালেবান বাহিনী দাবি করেছে, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তালেবানদের মুখপাত্র মোল্লা হায়াত অজ্ঞাত স্থান থেকে রয়টার্সকে টেলিফোনে এ কথা জানান।