২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচি নিয়ে পিছু হটার কোনো সুযোগ নেই: ইরান

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ রোববার বলেছেন, পরমাণু জ্বালানি উৎপাদনে সক্ষমতা অর্জনের পথে ‘পিছু হটার’ কোনো সুযোগ নেই তার দেশের। দেশটির ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে লন্ডনে সোমবার ছয় বিশ্বশক্তির বৈঠকের আগে আবারও নিজেদের অনড় অবস্থানের কথা জানালো দেশটি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

ইরানের বার্তা সংস্থ ‘আইএসএনএ একথা জানায়।

আহমাদিনেজাদ বলেন, “পরমাণু জ্বালানি উৎপাদনের প্রযুক্তি অর্জন করে ফেলেছে ইরান।”

তিনি আরও বলেন, “পরমাণু কর্মসূচিতে ইরানের এ যাত্রা একটি ট্রেনের গতিপথের মতো যার কোনো ব্রেক নেই, কোনো ব্যাকগিয়ার নেই।”

ইরানি প্রেসিডেন্টের এ অনড় অবস্থানের সঙ্গে সুর মিলিয়েছেন দেশটির এক উপপররাষ্ট্রমন্ত্রী। মানুচের মোহাম্মদি নামের ওই মন্ত্রী ইস্ফাহানের এক সংবাদ সম্মেলনে বলেন, “যেকোনো পরিস্থিতির জন্য নিজেদেরকে প্রস্তুত রেখেছি আমরা, এমনকি যুদ্ধের জন্যও।”

লন্ডনে নিরপত্তা পরিষদ ও জার্মানির বৈঠকের প্রতি ইঙ্গিত দিয়ে মোহাম্মদি বলেন, “তারা যদি দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা প্রস্তাব আনে, ইরান তাতে সাড়া দেবে না এবং পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে।”