কূটনৈতিক পথেও ইরান ইস্যুর সমাধান সম্ভব: রাইস
কূটনৈতিক পথেও ইরান ইস্যুর সমাধান সম্ভব, তবে এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস শুক্রবার একথা বলেছেন।
রাইস বলেন, “এ বিষয়টি অত্যন্ত স্পষ্ট যে আমরা একটি কূটনৈতিক পথে এগুচ্ছি। আমরা বিশ্বাস করি ইরানকে মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধ থাকলে কূটনৈতিক পথে সাফল্য আসতে পারে।”
এদিকে, জাতিসংঘের ২১ ফেব্রুয়ারি সময়সীমা না মানায় ইরানের ওপর দ্বিতীয়দফা নিষেধাজ্ঞার খসড়া প্রস্তাব নিয়ে সোমবার লন্ডনে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানি।
এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সংকট সমাধানে নিরাপত্তা পরিষদের পথটিকে সক্রিয় রাখতে চাই আমরা। পাশাপাশি সংলাপের মাধ্যমে সাফল্য অর্জনের প্রচেষ্টাও চালিয়ে যাওয়া হবে।”
অন্যদিকে, ইরানের ওপর দ্বিতীয়দফা নিষেধাজ্ঞা প্রস্তাবের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া।
কিন্তু রাইস বলেছেন,“ ইরানকে এটা বোঝানো দরকার যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমঝোতায় আসলে সংলাপের পথ খোলা থাকবে এবং সমঝোতায় না আসলে নিরাপত্তা পরিষদের পথ ধরে এগুবো আমরা।”
অটোয়ায় এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় তিনি বলেন,এ দুটি পথের গুরুত্ব সবারই বোঝা প্রয়োজন ।
