সন্ত্রাসবাদই স্পেনের এক নম্বর সমস্যা: জরিপ
বেকারত্ব কিংবা অভিবাসনকে ছাড়িয়ে সন্ত্রসবাদকেই এখন এক নম্বর সমস্যা মনে করছে স্পেনীয়রা। গত ডিসেম্বরে মাদ্রিদ বিমান বন্দরে বাস্ক বিচ্ছিন্নতাবাদীদের বোমা হামলার পর বেশিরভাগ স্পেনীয় নাগরিকের মতে দেশটির প্রধান সমস্যা সন্ত্রাসবাদ। দেশটির একটি গবেষণা সংস্থা সেন্টার ফর সোসিওলজিকাল ইনভেস্টিগেশনের (সিআইএস) এক সাম্প্রতিক জরিপে একথা বলা হয়েছে।
বাস্ক বিচ্ছিন্নতাবাদী (ইটিএ) কিংবা মুসলিম জঙ্গিদের সহিংসতা বেকারত্ব ও অভিবাসনের মতো দীর্ঘদিনের সমস্যাকে ছাপিয়ে গেছে মানুষের মনে। কিন্তু ২০০৫ সালের যেকোনো জনমত জরিপেও এসব সমস্যার অনেক পরে গণ্য হতো সন্ত্রাসবাদ।
এর আগে ২০০৪ সালে মাদ্রিদের ট্রেনে মুসলমানদের বোমা হামলার পরই কেবল বেকারত্ব কিংবা অভিবাসনের সঙ্গে একইরকম গুরুত্ব দিয়ে উচ্চারিত হয়েছিল সন্ত্রাসবাদ বিষয়টি। ওই হামলায় ১৯১ জন নিহত হন।
গত বছরের ডিসেম্বরে মাদ্রিদ এয়ারপোর্টে বাস্ক বিচ্ছিন্নতাবাদীদের গাড়ি বোমা হামলায় দুজন নিহত হলে সন্ত্রাসবাদের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হতে থাকে।
জরিপের ফলাফলে আরও বলা হয়, ইটিএ গেরিলাদের সঙ্গে স্পেনের সমাজবাদী সরকারের শান্তি চুক্তির ব্যাপারে মানুষের সমর্থন কমে আসে বোমা হামলার পর। গত অক্টোবরে ৩৯.৩ ভাগ সমর্থন থাকলেও হামলার পর তা কমে দাড়ায় ৩৮.৮ ভাগে।
অন্যদিকে, শান্তি চুক্তির বিরোধিতাকারী বিরোধী দল কনজারভেটিভ পার্টির জনসমর্থন বেড়েছে বোমা হামলার পর। ৩৭.৬ ভাগ থেকে তা বেড়ে দাড়ায় ৩৭.৯ ভাগে।
জানুয়ারির ২২ থেকে ৩১ তারিখের মধ্যে এ জরিপ চালানো হয়েছিল।
