মন্থরগতিতে এগোচ্ছে দোহা বাণিজ্য আলোচনা: লামি
শিল্পোন্নত দেশগুলোর কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) দোহা পর্বের আলোচনা ধীর গতিতে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রধান প্যাসকেল লামি।
শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত এক বাণিজ্য সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা বলেন।
“শিল্পোন্নত দেশগুলো দোহা পর্ব নিয়ে দ্বিপাক্ষীক আলোচনা করছে, কিন্তু তা এত ধীর গতির যে আমি বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠক আগামী সপ্তাহে, নাকি আরও পরে ডাকব তার সিদ্ধান্ত নিতে পারছি না।”
“এ বছরের প্রথমদিকেই এ আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করতে হবে,” ম্যানিলায় বলেন তিনি।
“এ সংক্রান্ত আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করা এবং আলোচনা শেষ করা- এ দুইয়ের মধ্যবর্তী সময় হতে পারে বড়জোর আট মাস।”
এ সপ্তাহের শুরুতে লামি জানিয়েছিলেন, ডাব্লিউটিওর দোহা পর্বের আলোচনা শিগগিরই শেষ করার ব্যাপারে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। এর আগে ছয় মাস বন্ধ থাকার পর লামি জানুয়ারি মাসে ওই আলোচনা আবারও শুরু করেন। আরও বেশি বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে দোহা পর্বের আলোচনা শুরু হয়েছিল।
২০০১ সালে ওই আলোচনা শুরু হলেও শিল্পোন্নত দেশগুলোর নিজেদের মধ্যে দ্বিপাক্ষীক আলোচনা এখনও শেষ হয়নি। বাণিজ্যমন্ত্রীদের বৈঠক ডাকার আগে তিনি ওই আলোচনায় আরও গুরুত্বপূর্ণ কিছু অগ্রগতির জন্য অপেক্ষা করবেন বলে লামি জানিয়েছিলেন।
