২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লুটোনিয়াম উৎপাদন বন্ধে রাজি উত্তর কোরিয়া : সউল

পরমাণু অস্ত্রে ব্যবহারোপযোগী প্লুটোনিয়াম উৎপাদন বন্ধে রাজি হতে যাচ্ছে উত্তর কোরিয়া। কিন্তু তা সত্ত্বেও পিয়ংইয়ঙের পুরো পরমাণু কর্মসূচি বন্ধে বহুদূর যেতে হবে দেশটিকে। দক্ষিণ কোরিয়ার শীর্ষ পরমাণু দূত চান ইয়াং উ শুক্রবার একথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

দক্ষিণ কোরীয় দূত বলেন, “ছয়জাতি চুক্তি অনুসারে অন্ততপক্ষে বর্তমান পরমাণু কর্মসূচি এমনকি প্রক্রিয়াজাতকরণ স্থাপনাগুলো বন্ধ করতে সম্মত হয়েছে উত্তর কোরিয়া। এর অর্থ হল, নতুন করে কোনো প্লুটোনিয়াম উৎপাদন করবে না দেশটি।”

সউলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চান বলেন, “বেইজিঙে স্বাক্ষরিত সমঝোতায় বলা হয়েছে, পিয়ংইয়ঙের ক্রিয়াশীল পরমাণু চুল্লি এবং পরমাণু প্রক্রিয়াজাতকরণ স্থাপনা বন্ধে যত দ্রুত ও যত বেশি পদক্ষেপ নেবে উত্তর কোরিয়া তত বেশি সাহায্য পাবে দেশটি।”

তিনি বলেন, ‘যত বেশি নিরস্ত্রীকরণ তত বেশি সাহায্য’ এ নীতিতে রাজি হওয়ার অর্থ হল পর্যায়ক্রমে পুরো পরমাণু নিষ্ক্রিয়করণের পথে যেতে রাজি উত্তর কোরিয়া। তবে এটা মনে রাখতে হবে যে, সামনের পথ অনেক দীর্ঘ এবং বহুদূর যেতে হবে  আমাদের।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি অস্টেলিয়ায় শুক্রবার বলেছেন, “উত্তর কোরিয়ার চুক্তি পরমাণু নিরস্ত্রীকরণের পথে অগ্রগতি। কিন্তু স্তালিনপন্থী এ রাষ্ট্রটি ওই চুক্তি কতটা মেনে চলবে সে বিষয়ে নানা সংশয় দেখা দিয়েছে।”

প্রসঙ্গত, এ মাসের শুরুতে বেইজিঙে ছয়জাতি বৈঠকের সমঝোতা অনুসারে প্রাথমিকভাবে ৫০ হাজার টন জ্বালনি তেল কিংবা সমমূল্যের সাহায্যের বিনিময়ে দেশটির প্রধান পরমাণু চুল্লি এবং এর কাঁচামালের প্রক্রিয়াকরণ বন্ধ করতে সম্মত হয় উত্তর কোরিয়া।