মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে চাদের প্রধানমন্ত্রীর মৃত্যু
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে শুক্রবার মৃত্যু হয়েছে চাদের প্রধানমনন্ত্রী পাসকেল ইয়োদিমাজির। হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে প্যারিসে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ৫৬ বছর বয়সে মারা যান তিনি।
ফ্রান্সে চাদের রাষ্ট্রদূত মুতকার দাহা জানান, ভোররাতের দিকে প্রধানমন্ত্রীর মৃত্যু হয়। তার মরদেহ দাফনের জন্য চাদে নিয়ে যাওয়া হবে।
২০০৫ সালের ফেব্র“য়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন পাসকেল ইয়োদিমাজি। এর আগে তিনি কৃষিমন্ত্রী ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চাদ সরকার। সরকারি শোক বিবৃতিতে বলা হয়, “পাসকেল ইয়োদিমাজি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালনে দৃষ্টান্ত স্থাপন করে পেছেন তিনি। তিনি ছিলেন জনগণের ঐক্যের প্রতীক।”
মন্ত্রী হিসেব দায়িত্ব নেওয়ার আগে পাসকেল ইয়োদিমাজি দেশের বেশ কয়েকটি দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। ১৯৯৬ সালে সে দেশে বহুদলীয় গণতান্ত্রিক ধারায় অনুষ্ঠিত প্রথম নির্বাচন সফলভাবে আয়োজনে নির্বাচন কমিশনের প্রধান হিসেবে তার ছিল উল্লেখযোগ্য ভূমিকা। এছাড়া দেশের সংবিধান সভার প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেন তিনি।
পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত অবকাঠামোমন্ত্রী এদুয়াম ইউনুসমি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
