২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও ক্ষমতায় ফিরতে জোটের সমর্থন পেলেন প্রোদি

ইতালির পদত্যাগী প্রধানমন্ত্রী রোমানো প্রোদি তার পদে আবারও ফিরে আসতে জোটের মধ্যবামপন্থীদের সমর্থন নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার তার মুখপাত্র জানিয়েছেন এ তথ্য। তবে তাকে এখনই সরকার গঠনে ডাকার বিষয়ে দ্বিধান্বিত প্রেসিডেন্ট জর্জিও নেপলিটানো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 03:57 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

সিনেটে পররাষ্ট্র নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি ভোটে হেরে যাওয়ার পর বুধবার পদত্যাগ করেন রোমানো প্রোদি। ২০০৬ সালের এপ্রিলের নির্বাচনে বিজয়ী হওয়ার পর ডান-বাম মিলিয়ে নয়টি দলের সমর্থনে জোট সরকার গঠন করেন রোমানো প্রোদি।

রোমানো প্রোদির মুখপাত্র সিলভিও সারকানা জানান, “বৃহস্পতিবার রাতে জোটভুক্ত দলগুলোর বৈঠক হয়। তাতে প্রধানমন্ত্রী হিসেবে প্রোদিকে সমর্থনের ব্যাপারে মতৈক্য হয়। এ জন্য তাদের মধ্যে চুক্তিও হয়েছে। সে অনুযায়ী ১২টি বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয় প্রোদিকে।”

গৃহিত চুক্তিতে আফগানিস্তানে সেনা মোতায়েনের বিষয়টি উল্লেখ রয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়। সিনেটে এ নিয়ে ভোটেই হেরে যান প্রোদি। 

এদিকে জোটে সমর্থন নিশ্চিত করতে পারলেও পুনরায় ক্ষমতায় ফিরে যাওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে প্রেসিডেন্ট নেপলিটানোর ওপর। এক হতে পারে প্রেসিডেন্ট প্রোদিকে বলবেন বর্তমান সরকার নিয়েই পার্লামেন্টে আস্থা ভোটে যেতে। অথবা বলতে পারেন নতুন সরকার গঠন করতে।

তবে নেপলিটানো প্রোদিকে ফিরিয়ে আনার আগে কিছু বিষয় নিশ্চিত হতে চাইছেন। তাই তিনি শুক্রবারও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে ডেকেছেন। পরবর্তী প্রোদি সরকার দীর্ঘস্থায়ী হবে কি না তা নিশ্চিত হতে চাইছেন প্রেসিডেন্ট। যদি তা না হয়, তাহলে তার পরিবর্তে প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেছে নেওয়া যায় তা নিয়েও মতবিনিময় করবেন নেপলিটানো।