ইরানের ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা সংক্রান্ত বৈঠক সোমবার
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত প্রস্তাবের খসড়া নিয়ে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানি সোমবার লন্ডনে বৈঠকে বসবে। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস বৃহস্পতিবার একথা জানান।
বার্নস বলেন, “আমরা দেখতে চাই যে ইরানকে আবারও বর্জন করেছে নিরাপত্তা পরিষদ।” ওয়াশিংটনে মার্কিন নীতিনির্ধারণ বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান কার্নেজি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইরান জাতিসংঘের বেঁধে দেওয়া সময়সীমা না মানায় দেশটির বিরুদ্ধে নতুন ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে ফেব্র“য়ারির ২১ তারিখের সময়সীমা না মানায় ইরানের বিরুদ্ধে নতুন ব্যবস্থা নেওয়া হতে পারে।
দ্বিতীয় দফা প্রস্তাবে ইরানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট নয় এমন ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো।
ছয় বিশ্বশক্তি, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন , যুক্তরাষ্ট্র ও জার্মানি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দেশটির ওপর চাপ প্রয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
