যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উত্তর কোরিয়ার
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার এ নিয়ে একটি চিঠিও পিয়ংইয়ং দিয়েছে জাতিসংঘ মহাসচিব বান কি মুনকে। চিঠি দেওয়া হয়েছে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোকেও।
গত মাসে যুক্তরাষ্ট্র অভিযোগ করে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থ পরমাণু কর্মসূচিতে ব্যবহার করছে উত্তর কোরিয়া। এ জন্য তদন্তের আহ্বানও জানানো হয়। এর ফলে উন্নয়ন কর্মসূচির ৩৫ সদস্য বিশিষ্ট বোর্ড বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উত্তর কোরিয়াকে কোনো অর্থ না দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। আর ওই ঘটনার প্রতিক্রিয়ায় পাল্টা অভিযোগ করল উত্তর কোরিয়া।
চিঠিতে জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি পাক জিল ইয়ন অভিযোগ করেন, “আন্তর্জাতিক সাহায্য নিয়েও যুক্তরাষ্ট্র নোংরা খেলা খেলছে। মিথ্যা অভিযোগ করেছে। এর মধ্য দিয়ে উত্তর কোরিয়াকে জিম্মি করে ফেলার তাদের অপপ্রয়াস আবারও ফুটে উঠল।”
পাক ইয়ন দাবি করেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থ ঠিকভাবেই ব্যয় করছে উত্তর কোরিয়া। এতে কোনো ধরনের অস্বচ্ছতা নেই। তাই এনিয়ে বাইরে থেকে নিরীক্ষা চালানো হলেও তা নিয়ে উত্তর কোরিয়ার কোনো উদ্বেগ নেই বলে জানান তিনি।
তবে শুধু যুক্তরাষ্ট্রের কথা মতো তদন্ত চললে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন উত্তর কোরীয় দূত।
