ইরাকি শিশু ধর্ষণ ও হত্যার দায়ে মার্কিন সেনার ১০০ বছর কারাদণ্ড
১৪ বছরের এক ইরাকি শিশুকে ধর্ষণ ও আগুনে পুড়িয়ে হত্যার দায়ে এক মার্কিন সেনাকে ১০০ বছর কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালত। বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনী এ খবর জানিয়েছে। ওই শিশুর পরিবারের সদস্যদের হত্যার দায়েও ওই সেনা অভিযুক্ত হয়।
বুধবার সামরিক আদালতের রায়ে বিচারক কর্নেল স্টেফান ধর্ষণ ও হত্যার পরিকল্পনা, হত্যা, ভাঙচুর এবং আইন লঙ্ঘনের দায়ে সার্জেন্ট পল কার্টেজকে ১০০ বছরের কারাদণ্ডাদেশ দেন।
আদালতে দোষ স্বীকার এবং অপর সেনাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সহায়তা করতে সম্মত হওয়ায় মৃত্যুদণ্ডাদেশ থেকে রেহাই পান কর্টেজ। রায় অনুযায়ী কর্টেজ সাজা ভোগ করবেন সামরিক কারাগারে।
রায়ের সময় কাঠগড়ায় কর্টেজকে বিধ্বস্ত দেখাচ্ছিল। সে জানায়, মাতাল অবস্থায় সে এবং তার সঙ্গীরা ওই শিশুকে ধর্ষণের পরিকল্পনা করে। ২০০৬ সালের মার্চে তারা বাগদাদের দক্ষিণে মাহমুদিয়ায় ওই শিশুর বাড়িতে হানা দেয় এবং ধর্ষণ শেষে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। হত্যা করে পরিবারের অন্য তিন সদস্য- বাবা, মা এবং বোনকে।
তার ভাষায়, এটা ছিল খুব সহজ একটি কাজ। কেননা, ওই ঘরে তখন এক জন মাত্র পুরুষ ছিল।
এ মামলার অপর অভিযুক্ত জেমস বার্কারের ৯০ বছরের কারাদণ্ডাদেশ হয়। আর গ্রিন নামে অভিযুক্ত আরেক সেনার বিচার কাজ এখনও শুরু হয়নি। সে এখন কেন্টাকি কারাগারে বন্দি রয়েছে।
একই অভিযোগে জেস স্পাইলম্যান ও ব্রায়ান হাওয়ার্ড নামে আরো দুই জন মার্কিন সৈন্যও বিচারের অপেক্ষায় রয়েছে।
