২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হামলার কোনো পরিকল্পনা নেই: ব্লেয়ার

ইরানে হামলা চালানো যুক্তিযুক্ত হবে না বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। একইসঙ্গে তিনি এটাও বলেছেন, এ ধরনের কোনো পরিকল্পনার কথা তার জানা নেই। তবে সম্ভাব্য হামলার বিষয়টি পুরোপুরি বাতিল করে দেননি তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 05:13 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

বৃহস্পতিবার বিবিসি রেডিওতে সাক্ষাৎকার দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, “সামনের দিনগুলোতে কী ঘটতে পারে, তা এখানে বসে আমরা অনুমান করতে পারি না। তবে আমি এটুকু বলতে পারি ইরান ইরাক নয়।”

ইরানের পরমাণু সঙ্কট নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতার ওপরই জোর দেন টনি ব্লেয়ার। তিনি বলেন, “এ মূহূর্তে ইরান অভিযানের কোনো পরিকল্পনার কথা আমার জানা নেই। দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানই সবাই চাচ্ছে। এটা নিরাপদ ও যৌক্তিকও বটে।”

ইরানে সামরিক অভিযান চালানো যুক্তিযুক্ত হবে না উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “যদি কেউ প্রশ্ন করে ইরান পরমাণু বোমা তৈরি করে ফেললে আপনারা কী করবেন, এর উত্তর দেওয়া খুবই কঠিন। তবে আমি বলতে চাই সে আশঙ্কা যেন তৈরি না হয়, সে জন্যই আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতা ভালোভাবে চালিয়ে যেতে হবে।”