বোমা হামলা নিয়ে ভারতের চার রাজ্যে তদন্ত চালাবে পুলিশ
ট্রেনে বোমা হামলা তদন্তে উত্তর প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব ও দিল্লিতে চারটি দল পাঠাচ্ছে হরিয়ানা পুলিশ। পুলিশের দাবি, তারা এমন কিছু তথ্য পেয়েছেন যার সঙ্গে ওই ঘটনার যোগসূত্র আছে এবং এর ওপর ভিত্তি করেই উত্তর ভারতের এ চার রাজ্যে তদন্ত দল পাঠানো হচ্ছে।
হরিয়ানার পুলিশ প্রধান আর সি মিশ্র তদন্ত দল পাঠানোর কথা উল্লেখ করে বৃহস্পতিবার বলেন, “সুনির্দিষ্ট কিছু তথ্য আমাদের হাতে এসেছে। কিন্তু তদন্তের স্বার্থে এ মুহূর্তে তা প্রকাশ করা যাচ্ছে না।”
সব ট্রেনযাত্রীর পাসপোর্ট পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও জানান আর সি মিশ্র।
এদিকে রাজস্থান পুলিশ হরিয়ানা সীমান্তবর্তী বিকানর থেকে এক নারীসহ দুই জনকে আটকের খবর জানিয়েছে। তবে তারা ট্রেনে বোমা হামলায় জড়িত কি না, তা এখনও স্পষ্ট নয়।
বুধবার দিল্লি পুলিশ জানিয়েছিল, হামলার পরপরই হরিয়ানা থেকে পাকিস্তান শাসিত কাশ্মিরে করা একটি সন্দেহজনক ফোন কল ধরে তদন্ত চালাচ্ছেন তারা। এর সঙ্গে কাশ্মিরি বিদ্রোহীদের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
রোববার রাতে বোমা হামলা হয় দিল্লি থেকে পাকিস্তানগামী সমঝোতা এক্সপ্রেসে। বিস্ফোরণে কয়েকটি বগিতে আগুন ধরে গেলে মারা যায় ৬৮ জন লোক। তাদের বেশিরভাগই পাকিস্তানি।
হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও নয়া দিল্লির সন্দেহ, কাশ্মিরি বিদ্রোহীরাই এর সঙ্গে জড়িত। পাকিস্তান - ভারত শান্তি আলোচনা ব্যাহত করার জন্যই ওই হামলা হয় বলে ভারত সরকারের ধারণা।
