২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রোদির পদত্যাগে জরুরি বৈঠক ডাকলেন ইতালির প্রেসিডেন্ট

রোমানো প্রোদির পদত্যাগের পর সাংবিধানিক অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জরুরি বৈঠকে ডেকেছেন ইতালির প্রেসিডেন্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 01:23 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

নয় মাস ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে বুধবার পদত্যাগ করেন রোমানো প্রোদি। পররাষ্ট্র নীতি ইস্যুতে সিনেটে পরাজয়ের পরিপ্রেক্ষিতেই প্রোদির এই পদত্যাগের সিদ্ধান্ত। এ ইস্যুতে রোমানা প্রোদির নেতৃত্বাধীন নয়দলীয় জোটের মধ্যকার বিরোধ দীর্ঘদিনের।

২০০৬ সালের নির্বাচনে স্বল্প ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতাসীন হয় এ জোট।

সংবিধান অনুসারে ইতালির প্রেসিডেন্ট জিয়র্জি নেপোলিতানোকে অবশ্যই এ অচলবস্থা নিরসনের একটি উপায় খুঁজে করতে হবে। পাশাপাশি আলোচনা করতে হবে রাজনৈতিক দল ও পার্লামেন্টারি নেতাসহ সাবেক প্রেসিডেন্টদের সঙ্গে।

সঙ্কট নিরসনে ইতালির প্রেসিডেন্ট নেপোলিতানোর কাছে উপায় আছে তিনটি।

প্রথমত, প্রোদির জন্য মধ্য-বামপন্থী দলগুলোর সমর্থন আদায় করতে হবে। তা পেলে প্রোদিকে একটি নতুন সরকার গঠনের নতুবা আস্থা ভোটের আহ্বান জানাবেন। তাতে জয়ী হলে পুনরায় ক্ষমতায় যাবেন প্রোদি।

দ্বিতীয়ত, প্রোদির সমর্থন যদি নিশ্চিত করা না যায়, তবে দ্বিতীয় কাউকে বেছে নিতে হবে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠনের জন্য। আর এক্ষেত্রে তিনি পছন্দ করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী জুলিয়ানো আমাতোকে।

তৃতীয়ত, তিনি পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দিতে পারেন।

তবে বিশ্লেষকরা বলছেন, প্রোদির মতো আরেকটি সরকারও হবে ক্ষণস্থায়ী।