২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, ৭ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় একটি ফেরিতে আগুন লেগে বৃহস্পতিবার সাত জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2007, 12:25 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

লেভিনা- ১ নামে ওই ফেরিটি ৫০টি গাড়ি নিয়ে সুমাত্রার বাঙ্কা দ্বীপের উদ্দেশে জাকার্তার তানজুং প্রিয়ক বন্দর ছেড়ে যায়। এতে যাত্রী ছিল ৩৫০ জন। বন্দর থেকে ৫০ মাইল দূরে জাকার্তা উপসাগরে ফেরিটিতে আগুন লাগে।

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হেন্দ্রা পাকান রেডিও এলশিনতাকে জানান, “ফেরির ক্যাপ্টেন সাত জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্যে দুটি শিশুও রয়েছে।”

ফেরির ২২৬ জন যাত্রী ও ১৫ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানান পাকান।

ফেরির অন্যান্য যাত্রীদের অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে লেফটেন্যান্ট কর্নেল পাকানের ধারণা, আগুন লাগার পর অনেকে পানিতে ঝাঁপিয়ে পড়েন।

নৌবাহিনীর আরেক কর্মকর্তা মেজর আবদুল কাদির জানান, আগুন নেভানো হয়েছে এবং ফেরিটি এখনো সাগরে ভাসছে। 

ইন্দোনেশিয়ায় প্রায় ১৭ হাজার বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে। দ্বীপগুলোতে যাওয়া-আসার জন্য ফেরি হচ্ছে সবচেয়ে সহজলভ্য বাহন।

তবে ফেরি চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা না মানার ফলে প্রায়ই অতিরিক্ত যাত্রী বোঝাই এ সব ফেরিতে দুর্ঘটনা ঘটে।