অজ্ঞাত ফোনের সূত্র ধরে ট্রেনে হামলাকারীদের খুঁজছে ভারত
সমঝোতা এক্সপ্রেসে বোমা হামলার ঠিক পরপরই দিল্লী থেকে পাকিস্তানি কাশ্মিরে করা একটি ফোনের সূত্র ধরে হামলাকারীদের খুঁেজ বের করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় তদন্তকারীরা। ভারতীয় এক কর্মকর্তা বুধবার একথা জানান। কিন্তু ওই হামলায় জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছে কাশ্মিরি জঙ্গিরা।
এর আগে পানিপথে ট্রেনটিতে বোমা হামলার ঠিক আগ মুহূর্তে ট্রেন থেকে লাফিয়ে পড়া দুই সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছিল ভারতীয় পুলিশ। কিন্তু এখন দিল্লীর এক সন্দেহজনক টেলিফোনের সূত্র ধরেই হামলাকারীদের খুঁজতে তৎপর রয়েছে পুলিশ। সমঝোতায় হামলার পরপরই পুরনো দিল্লীর একটি বিশেষ স্থান থেকে পাকিস্তানি কাশ্মিরে ওই ফোন করা হয়েছিল।
দিল্লীর ওই ফোন সংলাপ রেকর্ড করা হয়েছে এবং এর সূত্র ধরেই ‘পুরো বোমা হামলার রহস্যের জট খুলে যেতে পারে’ বলে আশা করছে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা একথা জানান।
তাদের সন্দেহের আঙ্গুল এখন দিল্লীর পুরনো অলিগলির দিকে। পুলিশের ধারণা, ট্রেনে হামলা চালানোর আগে বোমা বহনকারী সুটকেসগুলো দিল্লীর ওই অঞ্চলে এসেছিল। সেখান থেকেই ওগুলো চালান দেওয়া হয়। এজন্য পুরনো দিল্লীর রেল স্টেশনের ‘সিসিটিভি ফুটেজ’ও পরীক্ষা করে দেখছে পুলিশ।
পাকিস্তানভিত্তিক কাশ্মিরি জঙ্গি সংগঠন ইউনাইটেড জিহাদ কাউন্সিল (ইউজিসি) ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে, “সাধারণ মানুষদের ওপর ওই হামলার তীব্র নিন্দা জানাই আমরা।”
ইউজিসি জানায়,“ আমাদের লড়াই ভারতীয় সরকারের বিরুদ্ধে, সাধারণ মানুষদের বিপক্ষে নয়। আমাদের সংগ্রাম স্বাধীনতার জন্য এবং আমাদের হামলার লক্ষ্য ভারতীয় নিরাপত্তা বাহিনী।”
ভারতে এ ধরনের যেকোনো হামলার পরপরই সাধারণত হিন্দু--মুসলিম সাম্প্রদায়িক বৈরিতার হিসেব নিকেষ থেকে মুসলিম জঙ্গিদের দিকেই থাকে পুলিশের সন্দেহের আঙ্গুল। অধিকাংশ সময়েই উচ্চারিত হয় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার নাম। কিন্তু এবারের হামলায় নিহতদের অধিকাংশই পাকিস্তানি নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিম জঙ্গিদের দিকেই রয়েছে প্রশাসনের অভিযোগ।
এদিকে, আবদুল্লাহ গজনবী নামের এক ব্যক্তি নিজেকে লস্কর ই তৈয়বার মুখপাত্র দাবি করে বলেছেন, “এ হামলার পেছনে মুজাহিদরা জড়িত বলে ভারতীয় পুলিশ যে দাবি করেছে তা একটি ঘৃণ্য প্রচারণা এবং জিহাদিদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তা করা হয়েছে।”
গজনবী বলেন, “এ হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং শিবসেনাসহ কট্টর হিন্দুদের হাত রয়েছে।”
এর আগে মুম্বাই ট্রেনে সিরিজ বোমা হামলার পরও চর্চানুসারে ভারত পাকিস্তান এবং মুসলিম--হিন্দু জঙ্গিরা একে অন্যকে দোষারোপ করেছিল। ওই হামলায় ১৮৬ জন নিহত হয়েছিল।
