২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের তেরাইয়ে মাওবাদী উপদলের ধর্মঘট

তেরাইয়ে মাওবাদীদের মূল দল থেকে বিচ্ছিন্ন একটি উপদল জনতান্ত্রিক লিবারেশন ফ্রন্টের ডাকা ধর্মঘটে বুধবার অচল হয়ে পড়ে নেপালের দক্ষিণ - পূর্বাঞ্চলের কয়েকটি জেলা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2007, 05:24 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

স্বায়ত্তশাসনের আওতায় প্রদেশগুলোকে আরও ক্ষমতা দেওয়ার দাবিতে বুধবার থেকে তিন দিনের এ ধর্মঘট ডাকা হয়।

ধর্মঘটের প্রথম দিনে এসব জেলায় গাড়ি চলাচল ছিল খুবই কম। স্কুল - কলেজ, অফিস - আদালত, হাট - বাজার ছিল বন্ধ।

রাজবিরাজ শহরের বাসিন্দা শিবাহরি বলেন, “রাস্তাগুলো জনশূন্য, দোকান পাট বন্ধ, সবমিলিয়ে রাজবিরাজে ছিল শুনশান নীরবতা।”

ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার রাতে শহরে মশাল মিছিল হয় বলে জানান তিনি।

লাহান শহরের পুলিশ কর্মকর্তা মেজর যাদব বলেন, “কোথাও বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে দোকানপাট বন্ধ ছিল।”

এর আগে ওই অঞ্চলে ধর্মঘটের ডাক দেয় মাধেসি পিপলস রাইটস ফোরাম। পরে প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করে।